ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আরো দু’টো লড়াইয়ের পথে এগোচ্ছে কিংস কাপের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও রানার্স-আপ বার্সেলোনা। শুক্রবারের শেষ ষোলোর লটারি অনুযায়ী, আগামী মাসের কোয়ার্টার-ফাইনালে দেখা হয়ে যেতে পারে দল দু’টোর।
দুই পর্বের খেলায় জানুয়ারির ৪ ও ১১ তারিখে গোল ব্যবধানে মাদ্রিদ মালাগাকে ও বার্সেলোনা ওসাসুনাকে পেছনে ফেলতে পারলে চিরপ্রতিদ্বন্দ্বী দল দু’টো মুখোমুখি হবে ১৮ ও ২৫ জানুয়ারি। একবার নিজেদের মাঠে, আরেকবার প্রতিপক্ষের মাঠে।
এই খেলা প্রসঙ্গে মাদ্রিদের ফুটবল পরিচালক মিগুয়েল পার্দেজা ক্লাবের ওযেবসাইটে বলেন, “দ্বিতীয় কিংবা তৃতীয় বিভাগ অথবা লা লিগার দল হোক না কেন, চ্যাম্পিয়ন হতে চাইলে আপনাকে সব দলকে হারাতে হবে।”
“বার্সার সঙ্গে সম্ভাব্য খেলা সম্পর্কে আমরা কোনো কিছুই ভাবছি না। বরং মনোযোগ দিচ্ছি মালাগার সঙ্গে খেলার ওপার,” যোগ করেন মাদ্রিদের সাবেক খেলোয়াড়।
লটারি হয় মাদ্রিদ শহরের বাইরে সে দেশের ফুটবল ফেডারেশন কার্যালয়ে। লটারি অনুয়ায়ী, লা লিগার দল ভালেন্সিয়া খেলবে সেভিয়ার বিপক্ষে। আর রিয়াল সোসিয়েদাদ মুখোমুখি হবে রিয়াল মালোর্কার।
তৃতীয় বিভাগের দল আলবাকেট লড়বে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে, মিরান্দেস রেসিং সান্তান্তাদারের সঙ্গে, আলকরকোন লেভান্তের সঙ্গে ও কর্দোভা লড়বে এসপানিওলের সঙ্গে।
গতবার ক্রিস্টিয়ানো রোনলদোর অতিরিক্ত সময়ের গোলে বার্সাকে ১-০ ব্যবধানে হারিয়ে কিংস কাপ জিতে নেয় মাদ্রিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৫০ ঘ.
bdnews24