ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেডারেশন কাপ ফুটবলের বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে চূড়ান্ত পর্বে উঠেছে কক্সসিটি এসসি। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ নৌবাহিনীকে।
১৩ মিনিটের সময় সিরাজুল করিমের ক্রস থেকে নুরুল আফসারের হেড জড়িয়ে যায় নৌবাহিনীর জালে। ঐ গোলেই নিশ্চিত হয়ে যায় কক্সসিটির চূড়ান্ত পর্বে উত্তরণ।
অন্য ম্যাচে ওয়ারী ক্লাব ৩-০ গোলে জিতেছে বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। দুটি গোল করেছেন শাহিনুর রহমান, অন্য গোলটি জাকির হোসেনের। ম্যাচের ২৮ মিনিটে ওয়ারীর রাজুকে ফাউল করার অপরাধে লাল কার্ড পান বিয়ানীবাজারের জাকির হোসেন।
তবে এই জয়েও চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়নি ওয়ারীর। বাংলাদেশ সেনাবাহিনী-বিকেএসপি ম্যাচের বিজয়ীকে হারাতে পারলেই চূড়ান্ত পর্বে উঠে যাবে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৪৮ঘ.
bdnews24