ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পরিচালক এনায়েত কবির চঞ্চল ও মোখলেসুর রহমান টয় পদত্যাগ করেছেন। ক্লাবটির সভাপতি মঞ্জুর কাদেরের কাছে ১৮ ডিসেম্বর পদত্যাগ পত্র জমা দিয়েছেন তারা। দুজনই ক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে দায়িত্ব পালন করছিলেন।
পদত্যাগের কারণ সম্পর্কে এনায়েত কবির চঞ্চল বলেন, “কয়েক জন সদস্য ও শুভানুধ্যায়ীর স্বার্থ রক্ষায় আমি ব্যর্থ হচ্ছিলাম। তাই সব কিছু বিবেচনা করে ক্লাবের কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
“অবশ্য এতদিন আমার ওপর অর্পিত দায়িত্ব বিশ্বস্ততার সঙ্গে পালন করেছি,” যোগ করেন তিনি।
পদত্যাগ প্রসঙ্গে মোখলেসুর রহমান টয়ের বক্তব্যও প্রায় অভিন্ন। তিনি বলেন, “কয়েক জন সদস্যের স্বার্থ রক্ষায় ব্যর্থ হওয়ায় আমার ব্যক্তিগত সমস্যা প্রকট আকার ধারণ করেছে। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
এ ব্যাপারে মঞ্জুর কাদের বলেন, “আমি কারো কাছ থেকে কোনো পদত্যাগ পত্র পাইনি। পদত্যাগ পত্র হাতে এলে বিষয়টি ভেবে দেখবো।”
“অবশ্য প্রতি বছরই ক্লাবে কিছু পরিবর্তন আসে। বর্তমান কমিটির মেয়াদ আর অল্প কিছু দিন আছে। তাই এই মুহূর্তে কারো পদত্যাগ নিয়ে আমি মোটেও ভাবছি না,” যোগ করেন শেখ জামাল সভাপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১১ঘ.
bdnews24