ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সুলতানা কামাল আন্তর্জাতিক জিমন্যাস্টিকস। প্রতিযোগিতায় অংশ নেবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, উজবেকিস্তান ও স্বাগতিক বাংলাদেশ।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার এক আন্তঃ মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব আহমেদ। সব খেলোয়াড় ও কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করতে একটি কমিটিও গড়া হয়।
সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, ঢাকা সিটি কর্পোরেশন এবং জিমন্যাস্টিকস ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮৩১ঘ.
bdnews24