২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলের বিদেশী কোচ-উপাখ্যান

নিকোলা ইলিয়েস্কির পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ১৫ বিদেশী কোচের অধ্যায়ের সমাপ্তি হলো। এর মধ্যে বর্তমান কমিটির প্রায় সাড়ে তিন বছরের মেয়াদে চার জন কোচ বিদায় নিয়েছেন। এ বছরই চলে গেছেন দুজন। একজন তো নিয়োগ পাওয়ার পরও আসেননি। বাংলাদেশের বিদেশী কোচদের সাফল্য-ব্যর্থতার কথা জানাচ্ছেন মাহমুদুল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 12:36 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিকোলা ইলিয়েস্কির পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ১৫ বিদেশী কোচের অধ্যায়ের সমাপ্তি হলো। এর মধ্যে বর্তমান কমিটির প্রায় সাড়ে তিন বছরের মেয়াদে চার জন কোচ বিদায় নিয়েছেন। এ বছরই চলে গেছেন দুজন। একজন তো নিয়োগ পাওয়ার পরও আসেননি। বাংলাদেশের বিদেশী কোচদের সাফল্য-ব্যর্থতার কথা জানাচ্ছেন মাহমুদুল হাসান। জার্মানির বেকেল হফট জাতীয় ফুটবল দলের প্রথম বিদেশী কোচ। ১৯৭৮ সালে তিনি দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশ দলের। বেকেল হফট চলে যাওয়ার পর তারই স্বদেশী গেরহার্ড স্মিথ বাংলাদেশ দলের দ্বিতীয় কোচ হিসেবে দায়িত্ব নেন। তিনি কোচ হয়েছিলেন ১৯৮২ সালে। দুই ইউরোপীয় কোচের পর বাংলাদেশ নজর দেয় এশিয়ার দিকে। ইরানের কোচ নাসের হেজাজি বাংলাদেশ দলের তৃতীয় বিদেশী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে বাংলাদেশ দলের কোচ ছিলেন তিনি। এরপর আবার ইউরোপের দিকে ফিরে তাকায় বাংলাদেশ। সুইজারল্যান্ডের ওল্ডরিখ সোয়াব ১৯৯৩ সালে বাংলাদেশ দলের চতুর্থ বিদেশী কোচের দায়িত্ব পালন করেন। দক্ষিণ কোরিয়ার ম্যান ইয়াং ক্যাং জাতীয় ফুটবল দলের পঞ্চম বিদেশী কোচ। তিনি কোচ ছিলেন ১৯৯৪ সালে। ক্যাংয়ের পর আসেন জার্মানির অটো ফিস্টার। তিনি ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত কোচ ছিলেন। ফিস্টারের অধীনেই বাংলাদেশ প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতেছিলো। ১৯৯৫ সালে মিয়ানমারের গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন হয়েছিলো প্রয়াত মোনেম মুন্নার নেতৃত্বাধীন বাংলাদেশ। ইরাকের সামির শাকির জাতীয় দলের সপ্তম বিদেশী কোচ। তার কোচিংয়েই বাংলাদেশ ১৯৯৯ সালের সাফ গেমসে প্রথম বারের মতো ফুটবলে সোনা জিতেছিলো। কিন্তু ১৯৮৬ বিশ্বকাপে ইরাকের প্রতিনিধিত্ব করা সামির শাকিরের বিদায় সুখকর হয়নি। নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশকে সাফল্যের রঙে রাঙানোর পরই স্বদেশে ফিরে যান তিনি। বাংলাদেশের ফুটবলে সামির শাকির অধ্যায়ও সেখানেই শেষ! ২০০০ সালে বাংলাদেশের অষ্টম বিদেশী কোচ হিসেবে ইংল্যান্ডের মার্ক হ্যারিসন দায়িত্ব পালন করেন। তার বিদায়ও সুখকর হয়নি। ভুটান সফরে গিয়ে সেখান থেকেই ইংল্যান্ডে ফিরে যান তিনি। নবম বিদেশী কোচ জর্জ কোটান অবশ্য সামির শাকিরের মতোই সাফল্য এনে দিয়েছিলেন। অস্ট্রিয়ার এই কোচের অধীনেই ২০০৩ সালের সাফ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশ। কোটান দায়িত্ব পালন করেন ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত। কোটানের বিদায়ের পর লাতিন আমেরিকার শরণাপন্ন হয় বাংলাদেশ। আর্জেন্টিনার আন্দ্রেস ক্রুসিয়ানি জাতীয় দলের দশম বিদেশী কোচের দায়িত্ব পালন করেছিলেন দুই বছর। তার মেয়াদকাল ছিলো ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত। ২০০৭ সালে একাদশ বিদেশী কোচ হিসেবে সৈয়দ নাঈমউদ্দিন দায়িত্ব নেন বাংলাদেশ দলের। ভারতের অন্যতম সেরা কোচ হলেও তিনি বাংলাদেশকে কোনো সাফল্য এনে দিতে পারেননি। বরং চার মাসের মেয়াদকালে ভালোই সমালোচিত হয়েছিলেন নাঈমউদ্দিন । এর পরের বিদেশী কোচ ব্রাজিলের এডসন সিলভা ডিডো। ২০০৯ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু ডিডোও বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেননি। একসঙ্গে জাতীয় দলের আটজন খেলোয়াড়কে দল থেকে বাদ দেয়ায় তাকে বরখাস্ত করা হয়। পরের জন স্বল্প মেয়াদে থাকলেও সাফল্য এনে দিয়েছিলেন বাংলাদেশকে। সার্বিয়ার জোরান জর্জেভিচ ২০১০ সালের জানুয়ারি থেকে ফেব্র“য়ারি পর্যন্ত দায়িত্ব পালন করলেও এই স্বল্প সময়েই এসএ গেমসে দ্বিতীয় বারের মতো শিরোপা জেতান জাতীয় ফুটবল দলকে। তবে পারিশ্রমিক নিয়ে অযৌক্তিক দাবি করায় তাকে বরখাস্ত করে বাফুফে। ক্রোয়েশিয়ার রবার্ট রুবচিচ বাংলাদেশের চতুর্দশ বিদেশী কোচ। তিনি দায়িত্ব নেন ২০১০ সালের সেপ্টেম্বরে। কিন্তু গত ২ জুন কাউকে কিছু না জানিয়েই ফিরে যান স্বদেশে। যদিও তার চুক্তির মেয়াদ ছিলো এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত। এর পর মেসিডোনিয়ার জর্জি ইয়োভানোভস্কিকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলো বাফুফে। গত ২০ জুন তার জাতীয় দলের দায়িত্ব নেয়ার কথাও ছিলো। কিন্তু বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান সফরে যেতে অনিচ্ছুক ইয়োভানোভস্কি আর আসেননি। তার পর মাত্র দুই দিনের মধ্যে ইয়োভানোভস্কির স্বদেশী নিকোলা ইলিয়েভস্কিকে তড়িঘড়ি করে নিয়োগ দেয় বাফুফে। কিন্তু তিনিও পুরো মেয়াদে দায়িত্ব পালন করতে ব্যর্থ। এক বছরের জন্য চুক্তিবদ্ধ হলেও ছয় মাসের মধ্যেই ফিরে যেতে হচ্ছে তাকে। ২৪ জুন দায়িত্ব নেয়া ইলিয়েভস্কির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবসান হলো ২১ ডিসেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮২৮ঘ.