ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জাতীয় ফুটবল দলে প্রধান কোচ নিকোলা ইলিয়েভস্কি পদত্যাগ করেছেন।
বুধবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন এই মেসিডোনীয় কোচ। বুধবার রাত সাড়ে ৯ টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।
জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও বাফুফের ভাইস প্রেসিডেন্ট বাদল রায় আগেই ইংগিত দিয়েছিলেন,
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ইলিয়েভস্কিকে বিদায় নিতে হতে পারে। আর এ ঘোষণা আসতে পারে বুধবার বিকেলেই।
বাফুলে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়ার আগে নিজেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইলিয়েভস্কি।
পদত্যাগের কারণ ব্যখ্যা করতে গিয়ে সঙবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার ব্যক্তিগত কিছু সমস্যা আছে। তাছাড়া শারীরিক সমস্যা কম নয়। কিছুদিন ধরে পায়ে ব্যথা অনুভব করছি। মেসিডোনিয়ায় গিয়ে তা অস্ত্রোপাচার করতে হবে।”
অবশ্য অগের দিনও তিনি বলেছিলেন, যেহেতু তার সঙ্গে বাফুফের এক বছরের চুক্তি, সেহেতু আগে চলে যাওয়ার কোনো কারণ নেই।
গত জুনে বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নেন ইলিয়েভস্কি। তিনি ঢাকায় আসেন ২৪ জুন। এর মাত্র ৬ মাসের মাথায় তাকে বিদায় নিতে হলো।
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের ব্যর্থতার জন্য গত কয়দিন ধরেই ইলয়েভস্কিকে দায়ী করে আসছিল বাফুফের কর্মকর্তারা। আর এ কারণেই কোচের বিদায় অনেকটা নিশ্চিত হয়ে যায়।
তিন ম্যাচের দুটিতে হার এবং একটিতে ড্র করে এবার সাফের প্রথম পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে নেপালের কাছে হারে ১-০ গোলে। আর তৃতীয় ম্যাচে মালদ্বীপের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়।
জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় বলেন, “সাফে ব্যর্থতার জন্য কোচ যদি ৬০ ভাগ দায়ী থাকেন, বাকি ৪০ ভাগ দায় আমাদেরও নিতে হবে।”
ইলয়েভস্কি অবশ্য বাজে ফলের জন্য বরাবরই বাফুফেকে দুষেছেন। তিনি বলেছেন, “দলের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং সময় পাইনি আমি। তাছাড়া ফুটবলারদের কাছ থেকেও আমি পূর্ণ সহযোগিতা পাইনি। তাই প্রত্যাশা অনুযায়ী ফলও পাওয়া সম্ভব হয়নি।”
কোচের বিদায় সম্পর্কে বাদল রায় বলেন, “সব কিছু আলোচনার ভিত্তিতেই হয়েছে। আমরা এবং কোচ এতে সন্তুষ্ট।”
ইলয়েভস্কির পদত্যাগের মধ্যে দিয়ে একবছরের মাথায় বাংলাদেশ দলে দুই কোচকে বিদায় নিতে হলো। এর আগে ক্রোয়েশীয় কোচ রবার্ট রুবচিচ কাউকে কিছু না বলেই নিজ দেশে ফিরে যান।
বাফুফের বর্তমান কমিটির প্রায় সাড়ে তিন বছরের মেয়াদে আর আগেও দুই কোচকে বিদায় নিতে হয়েছে। ব্রাজিলীয় কোচ এডসন সিলভা ডিডো এবং সার্বীয় জোরান দর্দেভিচকে নির্ধারিত সময়ের আগেই ছাঁটাই করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/১৫৫৯ ঘ.
bdnews24