ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্লাব সভাপতি সিলভিও বারলুসকোনির কথা কানে না তুলে রবিনহোকে মাঠে নামান এসি মিলান কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। আর তাতেই ফল পেয়েছেন তিনি। রবিনহোর কুশলী খেলার ওপর ভর করে মঙ্গলবার কালিয়ারিকে ২-০ গোলে হারায় তার দল। সেই সঙ্গে উঠে গেছে সেরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষে।
সারদিনার স্তাদিও স্যান’ইলিয়ায় বারলুসকোনি পরামর্শ দিয়েছিলেন আলেকজান্দ্রে পাতোকে খেলানোর। কিন্তু মাসিমিলিয়ানো ভরসা রাখেন রবিনহোর ওপর। কোচের এই ভরসার প্রতিদান ঠিকই দিয়েছেন ব্রাজিলের এই খেলোয়াড়।
খেলার চার মিনিটে রবিনহো দৌড়ে প্রতিপক্ষের রক্ষণভাগের দুই খেলোয়াড়কে পেছনে ফেলে বল নিয়ন্ত্রণে নিয়ে আড়াআড়িভাবে তা ঠেলে দেন বিপদ সীমানায়। এর মুহূর্ত খানেক আগে কৌশলে গোলরক্ষককে বের করে আনেন তার জায়গা থেকে। এদিকে আন্তোনিও নসেরিনো যাতে ফাঁকা জালের দিকে বলের গতিপথ ঘুরিয়ে দিতে না পারেন, সে জন্য তাকে বাধা দিতে এগিয়ে যান কালিয়ারির রক্ষণভাগের খেলোয়াড় ফ্রান্সেসকো পিসানো। এক পর্যায়ে তিনি নিজেই বল ঢুকিয়ে দেন নিজেদের গোলপোস্টে।
খেলার ৬০ মিনিটে রবিনহোর বানিয়ে দেয়া বল জালে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন জ্লাতন ইব্রাহিমোভিচ। চমৎকারভাবে বানিয়ে দেয়া বলটি তিনি আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে কাক্সিক্ষত ঠিকানায় পাঠিয়ে দেন বুটের টো দিয়ে।
এটি নিয়ে এ মৌসুমে এগারো গোল দিয়ে গোলদাতাদের শীর্ষে পৌঁছে গেলেন ইব্রহিমোভিচ। অবশ্য জায়গাটি তাকে ভাগাভাগি করে নিতে হচ্ছে আটলান্টার জার্মান ডেনিসের সঙ্গে।
সিয়েনা ও ফিওরেন্টিনার মধ্যে রাতের অপর খেলাটি গোলশূন্য ড্র হয়।
মিলানের পয়েন্ট ১৬ খেলায় ৩৪। ১৫ খেলায় ৩৩ পয়েন্ট নিয়ে জুভেন্টাস আছে দ্বিতীয় স্থানে। সমান খেলায় তৃতীয় দল উদিনেসের পয়েন্ট ৩১।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩২৭ ঘ.
bdnews24