২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেডারেশন কাপের বাছাই পর্বের সূচী চূড়ান্ত

নৌবাহিনী-কক্সসিটির ম্যাচ দিয়ে ২৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপ ফুটবলের বাছাই পর্ব। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিযোগিতার সূচী চূড়ান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 02:26 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌবাহিনী-কক্সসিটির ম্যাচ দিয়ে ২৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপ ফুটবলের বাছাই পর্ব। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিযোগিতার সূচী চূড়ান্ত হয়েছে। ২৩ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত বাছাই পর্বের ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাছাই পর্ব থেকে ৫টি দল উঠবে চূড়ান্ত পর্বে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১ এবং বাছাই পর্বের ৫টিসহ মোট ১৬টি দল চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে চূড়ান্ত পর্বের দিন-ক্ষণ এখনো ঠিক হয়নি। পেশাদার লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী জানিয়েছেন, “২ অথবা ৩ জানুয়ারি থেকে চূড়ান্ত পর্ব শুরু হতে পারে। তবে এখনো এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়নি।” এবারের ফেডারেশন কাপের বাছাই পর্ব হবে নকআউট ভিত্তিতে। তাই বেশ কয়েকটি দলকে মাত্র একটি ম্যাচ খেলেই বিদায় নিতে হবে। এ প্রসঙ্গে সালাম মুর্শেদী বলেন, “দল বেশি থাকায় এবং সময় স্বল্পতার কারণে আমাদের এই পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে। তবে চূড়ান্ত পর্বে বেশি ম্যাচ খেলার সুযোগ থাকবে। চূড়ান্ত পর্বের প্রথম রাউন্ড হবে লিগ ভিত্তিতে।” টুর্নামেন্টের চ্যাম্পিয়নরা পুরস্কার হিসেবে পাবে ৫ লাখ টাকা। রানার্সআপ দলের পুরস্কার ৩ লাখ টাকা। এছাড়া অংশগ্রহণ ফি হিসেবে প্রতিটি দল পাবে ২৫ হাজার টাকা করে। সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড়ের অর্থ পুরস্কারও ২৫ হাজার টাকাই। তবে ম্যাচের সেরা খেলোয়াড়ের জন্য কোনো অর্থ পুরস্কার থাকবে না। তাদের শুধু একটি করে ক্রেস্ট দেয়া হবে। বাছাই পর্বে অংশ নিতে যাওয়া ১২টি দল হলো ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ওয়ারী ক্লাব, উত্তর বারিধারা ক্লাব, বিয়ানী বাজার এসসি, অগ্রণী ব্যাংক এসসি, চট্টগ্রাম আবাহনী, কক্সসিটি এসসি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ ও বিকেএসপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২১ঘ.