ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতলো বার্সেলোনা। রোববার ফাইনালে তারা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিলের স্যান্তোসকে। দুই গোল করেন লিওনেল মেসি।
কোচ পেপ গার্দিওলার অধীনে এটা বার্সার ত্রয়োদশ শিরোপা।
ইয়োকোহামায় খেলার প্রধমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিলো বার্সেলোনা। শুরু করেন মেসি। খেলার ১৭ মিনিটে জাভির চাতুরতা পূর্ণ পাসে পাওয়া বল বাঁ-পায়ের আলতো টোকায় জালে জড়িয়ে দেন তিনি।
সাত মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন জাভি। বলের যোগানদাতা দানি আলভেস।
ইয়োকোহামায় ৬৮ হাজার দর্শককে উল্লাসে মাতিয়ে প্রথমার্ধের শেষ মুহূর্তে বার্সার হয়ে তৃতীয় গোলটি করেন সেস ফ্যাব্রেগাস।
৮২ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোল করেন মেসি।
বার্সেলোনার নৈপুণ্যে সামনে একেবারেই অসহায় ছিলো জুনে তৃতীয়বারের মত কোপা লিবার্তাদোরেস শিরোপা জেতা স্যান্তোস।
এআগে তৃতীয়স্থান নির্ধারণী খেলায় এশিয়া চ্যাম্পিয়ন কাতারের আল-সাদ টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়েছে জাপান চ্যাম্পিয়ন স্বাগতিক কাশিওয়া রেইসলকে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কোনো দল গোল করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৩৮ ঘ.
bdnews24