২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি শিক্ষার্থী হত্যা: আরো একজন গ্রেপ্তার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 01:46 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হলো। রোববার দুপুরে সিলেট নগরীর নীলগাঁও থেকে ছইফুল মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। ছউল মিয়া সদর উপজেলার নীলগাঁও এলাকার হরমুজ মিয়ার ছেলে। এর আগে শনিবার গ্রেপ্তার করা হয় তারেক ও গুলজারকে। এদের একজন নৌকার মালিক, অন্যজন মাঝি। তাদের নৌকায় চড়েই শুক্রবার বেড়াতে গিয়েছিল শিক্ষার্থীরা। জালালাবাদ থানার ওসি মো. সেলিম হোসেন জানান, ছইফুল মিয়াকে র‌্যাব হেফাজতে রাখা হয়েছে। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ-র‌্যাব ও গোয়েন্দাদের বিশেষ টিম কাজ করছে বলে তিনি জানান। শুক্রবার সন্ধ্যায় নৌকাভ্রমণে গিয়ে ডাকাতের হাতে অপহৃত হন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দীপঙ্কর ঘোষ অনিক ও খায়রুল কবীর। পরদিন তাদের লাশ পাওয়া যায়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৩৭ ঘ.