২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পা ভেঙে পাঁচ মাস মাঠের বাইরে ভিয়া

কাতারের আল-সাদ ক্লাবকে ৪-০ গোলে নাকাল করলেও বড় ধরনের মূল্য দিতে হয়েছে বার্সেলোনাকে। চার থেকে পাঁচ মাসের জন্য হারাতে হয়েছে দাভিদ ভিয়াকে। বাঁ পা ভেঙে গেছে তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2011, 06:35 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাতারের আল-সাদ ক্লাবকে ৪-০ গোলে নাকাল করলেও বড় ধরনের মূল্য দিতে হয়েছে বার্সেলোনাকে। চার থেকে পাঁচ মাসের জন্য হারাতে হয়েছে দাভিদ ভিয়াকে। বাঁ পা ভেঙে গেছে তার। আল সাদের বিপক্ষে জিতে ক্লাব বিশ্বকাপের ফাইনালে ওঠে বার্সা। স্পেনের দলটি রোববার ফাইনাল খেলবে ব্রাজিলের স্যান্তোসের সঙ্গে। খেলার ৩৭ মিনিটে আল সাদের রক্ষণভাগের দুই খেলোয়াড়ের সঙ্গে বল কাড়াকাড়ি করতে গিয়ে মাটিতে পড়ে যান ভিয়া। নিজের পায়ে দাঁড়াতে না পারায় স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। পরে দলের এক কর্মকর্তা জানান, ভিয়ার শিন বোন ভেঙে গেছে। অস্ত্রোপচারের জন্য তাকে স্পেন ফেরত পাঠানো হবে। তার পুরোপুরি সেরে উঠতে চার থেকে পাঁচ মাস লাগবে বলে তিনি জানান। ভিয়ার জন্য চিন্তায় পড়ে গেছেন বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা। সে কথা লুকোনোর কোনো চেষ্টাও করেননি তিনি। বলেন, “তাকে হারানো অবশ্যই বড় ধরনের আঘাত। আমি বুঝতে পারছি বহুদিন তাকে পাচ্ছি না।” ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরুর আগে ভিয়া মাঠে ফিরতে পারবেন কি না, সে বিষয়টিও স্পষ্ট নয়। স্পেনের প্রথম খেলা ১০ জুন ইতালির সঙ্গে। “এখনো ছয় মাস হাতে আছে। দেখি এর মধ্যে ভিয়া সেরে ওঠেন কি না,” বলেন স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক। বার্সার হয়ে এ মৌসুমে নয় গোল করেন ৩০ বছর বয়সী ভিয়া। সেস ফ্যাব্রেগাস ও আলেক্সিস সানচেজকে দলে নেয়ায় তার খেলার সময় অবশ্য বেশ খানিকটা কমে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২১১ ঘ.