ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হেরেও ক্ষতি হয়নি অ্যাথলেটিক বিলবাওয়ের। আবার জিতেও লাভ হয়নি বড় বাজেটের দল প্যারিস সেইন্ট-জার্মেইনের। ইউরোপা লিগের শেষ ৩২-এ জায়াগা করে নিতে পারেনি ফ্রান্সের দলটি। তবে জিতেই নক-আউট পর্বে বিলবাও’র সঙ্গে যোগ দিয়েছে স্যালজবুর্গ। দল দুটোর পথ অনুসরণ করেছে লাৎসিও, বেসিকতাস, উইসলা কারাকৌ ও স্তিউয়া বুখারেস্ট।
শেষ পাঁচ মিনিটের দুই গোলের ওপর ভর করে পিএসজি বিলবাও’র সঙ্গে জেতে ৪-২ ব্যবধানে। কিন্তু স্যালজবুর্গের কাছে স্লোভান ব্রাতিসলাভা ৩-২ গোলে হেরে যাওয়ায় এর মূল্য দিতে হয় ফ্রান্সের দলটিকে। বিদায় নিতে হয় ইউরোপা লিগ থেকে।
খেলায় স্যালসবুর্গই পড়েছিল হারের মুখে। শেষ পর্যন্ত জিতলেও ছয় মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়ে দলটি।
এদিকে পার্ক দেস প্রিন্সেসে জন বোর্দে খেলার চার মিনিটে বিলবাওকে এগিয়ে নেন। হাভিয়ের প্যাস্তোর খেলায় সমতা ফেরান ২১ মিনিটে। ৪১ মিনিটে ম্যাথিউ বদমার এগিয়ে নেন পিএসজিকে। ডেভিড লোপেজ খেলায় ফেরান স্পেনের দলটিকে ৫৫ মিনিটে।
এরপর ৩০ মিনিট পর্যন্ত আর গোলের দেখা মেলেনি। তবে শেষ পর্যন্ত ফুটবল-বিধাতা মুখ তুলে চান পিএসজির দিকে। ৮৫ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা। পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন গুইলাউমে হোয়ারাউ ৯০ মিনিটে।
খেলা শেষে পিএসজি কোচ আন্তোইন কোমবুরে তার হতাশা লুকোননি। বলেন, “এই গ্র“প (এফ গ্র“প) থেকে আমাদেরই ওঠার কথা ছিল। অথচ হলো না। তাই আমি খুবই হতাশ।
“যখন ভাগ্য আর আপনার হাতে থাকে না, তখ আসলে সব কিছুই কঠিন হয়ে পড়ে,” যোগ করেন তিনি।
কে গ্র“প থেকে শেষ ৩২-এ জায়গা করে নেয়া উইসলা ২-১ গোলে হারায় এফসি টোয়েন্টিকে। স্পোর্টিং লিসবনের বিপক্ষে ২-০ গোলে জেতে লাৎসিও। পিছিয়ে পড়েও বেসিকতাস ৩-১ গোলে হারায় স্টক সিটিকে। ইংল্যান্ডের দলটি অবশ্য আগেই উঠে বসে আছে শেষ ৩২-এ। ১৯৮৬ সালের ইউরোপ চ্যাম্পিয়ন স্তিউয়া ৩-১ গোলে জেতে এইকে লারনাকার বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৩১ ঘ.
bdnews24