ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে অবশেষে হার মানলো ম্যানচেস্টার সিটি। তাদের অপরাজিত থাকার গৌরব ভূলুণ্ঠিত হলো চেলসির হাতে। সোমবার লিগের একমাত্র খেলায় চেলসি ২-১ গোলে হারিয়েছে দশ জনের দলে পরিণত ম্যান সিটিকে।
গত মে মাসে লিগে সর্বশেষ হেরেছিলো ম্যান সিটি। তার পর টানা ১৭টি লিগ ম্যাচে অপরাজিত ছিলো তারা।
তবে হেরে গেলেও ম্যান সিটির শীর্ষস্থান হাতছাড়া হয়নি। ১৫ রাউন্ড শেষে তাদের পয়েন্ট ৩৮। ৩৬ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান দ্বিতীয় । ৩১ পয়েন্ট নিয়ে চেলসি উঠে এসেছে তিন নম্বরে।
চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজকে স্তব্ধ করে দিয়ে খেলার দ্বিতীয় মিনিটেই গোল করে ম্যান সিটিকে এগিয়ে দিয়েছিলেন ইতালীয় স্ট্রাইকার মারিও বালোতেল্লি। প্রথম তিরিশ মিনিট অতিথিদের একের পর এক আক্রমণে রীতিমতো নাভিশ্বাস উঠেছিলো স্বাগতিকদের।
ব্যবধান দ্বিগুণও করতে পারতো ম্যান সিটি। পেনাল্টি বক্সের ভেতর ডেভিড সিলভাকে ফেলে দিয়েছিলেন চেলসির ডিফেন্ডার জোসে বোসিংওয়া। কিন্তু ম্যান সিটির পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি।
৩৪ মিনিটে মিডফিল্ডার রাউল মেইরেলেস গোল করে সমতায় ফেরান চেলসিকে। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
দুদলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে দ্বিতীয়ার্ধের খেলা। তবে ৫৮ মিনিটে বিরাট এক ধাক্কা খায় ম্যান সিটি। সেসময় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান অতিথিদের ডিফেন্ডার গায়েল ক্লিশে।
৭৩ মিনিটে মেইরেলেসের জায়গায় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে নামান চেলসির কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস।
তার মিনিট দশেক পর স্বাগতিকদের জয়সূচক গোলের জন্ম। চেলসির স্ট্রাইকার ড্যানিয়েল স্টুরিজ বল নিয়ে ঢুকে পড়েন ম্যান সিটির বিপদ সীমানায়। পোস্ট লক্ষ্য করে নেয়া তার শট হাত দিয়ে ঠেকিয়ে দেন সিটি ডিফেন্ডার জোলেয়ন লেসকট। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুযোগটা কাজে লাগিয়ে দলকে ২-১ গোলে এগিয়ে দেন ল্যাম্পার্ড।
শেষ পর্যন্ত এই গোলটিই মূল্যবান তিনটি পয়েন্ট এনে দেয় চেলসিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮০১ঘ.
bdnews24