ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাশিওয়া রেইসলের বিপক্ষে চমৎকার ফুটবল খেলে স্যান্তোস কোচ মুরিসি রামালহোর চোখ জুড়িয়ে দিয়েছেন নেইমার। তাই প্রশংসার খৈ ফুটছে তার মুখে। নেইমার সম্পর্কে তিনি বলেন, তিনি (নেইমার) এমন একজন খেলোয়াড় যিনি খেলার ভাগ্য নিধারণ করে দিতে পারেন।
কাশিওয়াকে ৩-১ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে ওঠে ব্রাজিলের স্যান্তোস।
রামালহো বলেন, “আপনারাই তো দেখলেন যে নেইমার এমন একজন খেলোয়াড় যিনি সুন্দর ফুটবল খেলে খেলার ভাগ্য নির্ধারণ করে দিতে পারেন।”
রোববারের ফাইনালে স্যান্তোসকে খেলতে হতে পারে লিওনেল মেসির বার্সেলোনার সঙ্গে। কেননা শেষ চারের অপর খেলায় এশিয়া চ্যাম্পিয়নদের চেয়ে ইউরোপ চ্যাম্পিয়নদেরই এগিয়ে রাখছেন ফুটবল বিশেষজ্ঞরা।
বার্সার সঙ্গে ফাইনাল প্রসঙ্গে নেইমার বলেন, “বার্সেলোনার সঙ্গে খেলতে পারলে দারুণ হবে।” ইয়োকোহামায় বৃহস্পতিবারের সেমিফাইনালে কাতালানদের খেলা দেখার কথা নেইমারের।
কাশিওয়ার রক্ষণভাগের খেলোয়াড় হিদেকাজু ওতানির ‘স্লাডিং চ্যালেঞ্জ’ এড়িয়ে যান নেইমার চেয়ে দেখার মতো দক্ষতায়। এরপর শট নেন বাঁ-পায়ে। বল ঠিকানা খুঁজে পায় জালের উপড়ের দিকে এক কোণে।
এই গোল দেখে কোচ তো বটেই, সন্তুষ্ট নেইমার নিজেও, “এটা চমৎকার একটা গোল।”
কাশিওয়াকে খুবই ভালো দল বলে অভিহিত করে নেইমার বলেন, “খেটে খেলেই আমাদের জিততে হয়েছে।” দলটিকে হারানোয় নেইমার নিজেদের সৌভাগ্যবান মনে করছেন।
কাশিওয়ার রক্ষণভাগের খেলোয়াড় হিরোকি সাকাই বলেন, “ফাউল করেই কেবল আপনি নেইমারকে আটকাতে পারবেন, অন্যথায় নয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩১৯ ঘ.
bdnews24