২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসি ছেড়ে সাংহাইয়ে আনেলকা

চেলসি ছেড়ে সাংহাই শেনহুয়ায় যোগ দিচ্ছেন ফ্রান্সের স্ট্রাইকার নিকোলাস আনেলকা। চীনের ক্লাবটির সঙ্গে তার দুই বছরের চুক্তি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 02:24 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেলসি ছেড়ে সাংহাই শেনহুয়ায় যোগ দিচ্ছেন ফ্রান্সের স্ট্রাইকার নিকোলাস আনেলকা। চীনের ক্লাবটির সঙ্গে তার দুই বছরের চুক্তি হয়েছে। শেনহুয়া তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, আগামী মাসে চীনে আসছেন আনেলকা। প্রায় চার বছর আগে, ২০০৮ সালের জানুয়ারিতে চেলসিতে যোগ দেন আনেলকা। লন্ডনের ক্লাবটির হয়ে ১৮৫ ম্যাচে ৫৯ গোল করেন তিনি। চেলসির সঙ্গে আনেলকার চুক্তির মেয়াদ আগামী মৌসুম পর্যন্ত। তবে তার আগেই দল-বদলের অনুমতি দেয়ার জন্য ক্লাবের কাছে অনুরোধ করেন এই ফরাসী স্ট্রাইকার। গত সপ্তাহে আনেলকার সেই অনুরোধে সাড়া দেয় চেলসি কর্তৃপক্ষ। চেলসিতে অবশ্য ইদানিং উপেক্ষিতই হতে হচ্ছিলো তাকে। মাঠে অনুজ্জ্বল উপস্থিতিই তার কারণ। এই মৌসুমে ১৫ ম্যাচ খেলা আনেলকার গোল মাত্র একটি। তাই চেলসি কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস তাকে বাদ দিয়েই আক্রমণ-পরিকল্পনা রচনা করছেন। আনেলকার মতো তারকাকে নিয়ে এলেও গত মৌসুমে চীনের লিগে একাদশ স্থানে ছিলো সাংহাই শেনহুয়া। দুই মৌসুম আগে পাতানো খেলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লিগ থেকে অবনমন পর্যন্ত হয়েছিলো তাদের। তবে এবার শিরোপা জয়ের লক্ষ্যে আটঘাট বেঁধেই নেমেছে তারা। আনেলকা ছাড়াও ব্রাজিলের ফরোয়ার্ড ক্লিও ও মারিকুইকে নিয়ে এসেছে সাংহাইয়ের ক্লাবটি। চেষ্টা করছে আনেলকার চেলসি-সতীর্থ আইভরি কোস্টের তারকা স্ট্রাইকার দিদিয়ের দ্রগবাকেও নিয়ে আসার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০২১ঘ.