২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো আবাহনীর কোচ আলী আকবর

আবাহনী লিমিটেডের কোচের দায়িত্ব নিতে আবারো ঢাকায় এসেছেন ইরানের কোচ আলী আকবর। সোমবার বিকেলে ঢাকায় এসে পৌঁছান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 01:55 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবাহনী লিমিটেডের কোচের দায়িত্ব নিতে আবারো ঢাকায় এসেছেন ইরানের কোচ আলী আকবর। সোমবার বিকেলে ঢাকায় এসে পৌঁছান তিনি। গত মৌসুমেও আলী আকবর আবাহনীর কোচের দায়িত্বে ছিলেন। গত মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হলেও পেশাদার লিগে তার অধীনে আবাহনীর অর্জন রীতিমতো হতাশাজনক। আগের তিন বারের চ্যাম্পিয়নরা গত বারের লিগে হয়েছিলো চতুর্থ। এরপর কোটি টাকার টুর্নামেন্ট সুপার কাপে আবাহনী চ্যাম্পিয়ন হলেও তার আগেই দেশে চলে যান আলী আকবর। সুপার কাপে আবাহনীর কোচের দায়িত্বে ছিলেন দলটির দীর্ঘ দিনের কান্ডারি অমলেশ সেন। সেজন্যই আলী আকবরের না ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিলো ঢাকার ফুটবলাঙ্গনে। কিন্তু কিছুটা বিস্ময়ের জন্ম দিয়ে আগামী মৌসুমের জন্য তাকে কোচের দায়িত্ব দিয়েছে আবাহনী। আবাহনী ফুটবল দলের ব্যবস্থাপক সত্যজিৎ দাস রুপু জানিয়েছেন, “আলী আকবরের মাসিক বেতন ৫ হাজার মার্কিন ডলারের চেয়েও বেশি। আগামী জুন পর্যন্ত তিনি চুক্তিবদ্ধ হয়েছেন আবাহনীর সঙ্গে।” এ নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের তিনটি ক্লাব বিদেশী কোচ নিয়োগ করলো। এর আগে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড তাদের সাবেক ফুটবলার নাইজেরিয়ার এমেকা ইউজিগো এবং ব্রাদার্স ইউনিয়ন তৃতীয় বারের মতো ভারতীয় কোচ সৈয়দ নাঈমউদ্দিনের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৪৬ঘ.