ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালের আগে খেলোয়াড়দের নির্ভার করে তোলার চেষ্টা করছেন কোচ পেপ গার্দিওলা।
কাতারের ক্লাব আল-সাদের বিপক্ষে বৃহস্পতিবারের সেমিফাইনালকে সামনে রেখে বার্সেলোনা সোমবার জাপানে অনুশীলন করে।
মঙ্গলবার খেলোয়াড়দের নিয়ে গার্দিওলার যাওয়ার কথা বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে। এতোদিন খেলার মধ্যে থাকায় খেলোয়াড়দের মধ্যে ক্লান্তি ও অবসাদ দেখা দিতে পারে। এ সব দূর করে তাদের আবারো তরতাজা করে তোলাই তার লক্ষ্য।
এ প্রসঙ্গে গার্দিওলা বলেন, “আমি তাদের যতোটা সম্ভব স্বাধীনতা দিয়েছি, যাতে তারা নির্ভার হয়ে উঠতে পারে।”
“আমি চাই আগের সব খেলার ক্লান্তি ও অবসাদ দূর করে তারা (খেলোয়াড়) ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের দিকে ভালোভাবে মনোযোগ দিক,” যোগ করেন তিনি।
এরপর গার্দিওলা ঘোষণার সুরে বলেন, “আমরা এখানে এসেছি শিরোপা জিততে।” তিনি মনে করেন, এই শিরোপা জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে কেবল আত্মতুষ্টি।
আফ্রিকা চ্যাম্পিয়ন তিউনিশিয়ার ইস্পের্যান্সকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে এশিয়া চ্যাম্পিয়ন আল-সাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫০০ ঘ.
bdnews24