ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম) - অতিথি হয়ে খেলতে গিয়ে মোটেও ভালো করতে পারছে না আতলেটিকো মাদ্রিদ। রোববার লা লিগায় এসপানিওলের কাছে হার মানতে হয়েছে ৪-২ গোলে।
কোচ মানজানোর অধীনে সব ধরনের প্রতিযোগিতায় অতিথি হয়ে খেলতে গিয়ে এগারো ম্যাচের মধ্যে আতলেটিকোকে হার মানতে হয়েছে দশটিতে। এমন কি, এ সপ্তাহের প্রথম দিকে কোপা দেল রে’তে তৃতীয় স্তরের দল আলবাকেতেরও কাছে হেরে যায় দলটি ২-১ গোলে।
বিষয়টি চিন্তায় ফেলে দিয়েছে মানজানোকে এবং তা গোপন না করে খোলাখুলিই স্বীকার করেন তিনি, “ঘরে নয়, অন্যের মাঠে আমরা কেন ভালো খেলতে পারছি না, তা খতিয়ে দেখতে হবে। আসলেই বিষয়টি আমাকে ভীষণ উদ্বিগ্ন করে তুলেছে।”
‘প্লেমেকার’ জোয়ান ভার্দু খেলার পাঁচ ও সাত মিনিটে এসপানিওলকে এগিয়ে নেন দুই গোলে। আতলেটিকো গোলরক্ষক থিবাউত কর্তোইসের ভুল ‘পাস’ নিয়ন্ত্রণে নিয়ে মাঝমাঠের খেলোয়াড় নদ্রি রোমারিচ এমনভাবে বল ঠেলে দেন বক্সের ঠিক বাইরে যাতে শট নিতে অসুবিধা না হয় ভার্দুর। এমন সুযোগ হেলায় হারানোর পাত্র নন ভার্দু, হারানোও-নি।
খেলার সাত মিনিটে আতলেটিকোর রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বার্সেলোনার যুবদলের সাবেক এই খেলোয়াড় প্রচণ্ড শট নেন। বল আশ্রয় নেয় জালের বাঁ-কোণে।
তৃতীয় গোলটি আসে রোমারিচের পা থেকে খেলার ১৯ মিনিটে। সার্জিও গার্সিয়ার সঙ্গে বল দেয়া-নেয়া করে প্রতিপক্ষের বক্সের সামনে জায়গা বানিয়ে তীব্র শট নেন তিনি। বলটি ঠেকানোর সাধ্য ছিল না গোলরক্ষকের।
আতলেটিকোর আক্রমণভাগের খেলোয়াড় রামাদেল ফালকাও ৩২ মিনিটে ব্যবধান কমিয়ে আনেন। কিন্তু গার্সিয়া তার দলকে আতলেটিকোর নাগালের বাইরে নিয়ে যান ৫৪ মিনিটে।
আর্দা তুরান হারের ব্যবধান কমিয়ে আনেন ৮৩ মিনিটে। এর আগে অবশ্য বেশ কয়েকবার কঠিন পরীক্ষা দিতে হয় আতলেটিকো গোলরক্ষককে। তিনি পাশ করতে না পারলে হারের ব্যবধান অবশ্যই বেড়ে যেতো।
রাতের অন্যান্য খেলায় স্পোর্টিং গিজন ৩-১ গোলে রায়ো ভালেকানোকে, গেতাফে ১-০ গোলে গ্রানাদাকে ও মালোর্কা ১-০ গোলে রিয়াল জারাগোজাকে হারিয়েছে। মালাগা ও ওসাসুনা ১-১ এবং অ্যাথলেটিক বিলবাও ও রেসিং সান্তান্দারের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
এছাড়া দশজনের রিয়াল সোসিয়েদাদ ১-১ গোলে ড্র করে ভিয়ারিয়ালের সঙ্গে।
আতলেটিকোর পয়েন্ট ১৫ খেলায় ১৯। সমান খেলায় এসপানিওলের ২০। এক খেলা বেশি খেলে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৭ হলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে দলটি। তবে এক ম্যাচ হাতে আছে হোসে মরিনহোর দলের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৩২ ঘ.
bdnews24