ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টটেনহ্যাম হটস্পারের জয়ের ধারায় বিরতি চিহ্ন বসিয়ে দিয়েছেন তাদেরই সাবেক খেলোয়াড় ম্যাথিউ ইথেরিংটন। এগারো ম্যাচ পর প্রিমিয়ার লিগে রোববার দলটিকে হার মানতে হলো স্টক সিটির কাছে ২-১ গোলে। দুটো গোলই আসে ইথেরিংটনের পা থেকে।
]
ব্রিটানিয়া স্টেডিয়ামে খেলার ১৩ ও ৪৩ মিনিটে গোল দু’টো করেন তিনি।
দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে টটেনহ্যাম। একের পর এক আক্রমণ চালিয়ে রীতিমতো কাঁপন ধরিয়ে দেয় প্রতিপক্ষের রক্ষণভাগে। কিন্তু একাধিক গোলের সুযোগ নষ্ট করার মাসুল দিয়ে হার মেনেই মাঠ ছাড়তে হয় তাদের। অবশ্য পেনাল্টি থেকে এক গোল শোধ করেন ইমানুয়েল আদেবায়োর, খেলার ৬২ মিনিটে।
দ্বিতীয়বার হলুদ কার্ড দেখায় টোটেনহ্যামের ‘সেন্টার-ব্যাক’ ইউনেস কাবুলকে বেরিয়ে যেতে হয় মাঠ থেকে খেলার শেষ দিকে।
দিনের অপর খেলায় সান্ডারল্যান্ড ২-১ গোলে জিতেছে ব্ল্যাকবার্ন রোভাসের বিপক্ষে।
টটেনহ্যাম ১৪ খেলায় ৩১ পয়েন্ট নিয়ে আছে তালিকার তৃতীয় স্থানে। সমান খেলায় ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। স্টকের পয়েন্ট ১৫ খেলায় ২১।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৪৭ ঘ.
bdnews24