ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালদ্বীপের শীর্ষস্থানীয় ক্লাব ভিবি স্পোটর্সে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ মিডফিল্ডার শাহেদুল আলম শাহেদ। রোববার জাতীয় দলের সহকারি কোচ গোলাম মাহবুব জিলানির কাছে ফোনে এই প্রস্তাব আসে।
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শাহেদের খেলা দেখে এই প্রস্তাব দেন মালদ্বীপ ক্লাবটির জার্মান কোচ বাহতিয়ার কান ভ্যান লি।
এই প্রস্তাব পেয়ে উচ্চসিত শাহেদ। তিনি বলেন, “বিষয়টা আমার জন্য অনেক বড় সম্মানের। তারা আমার কাছে পারিশ্রমিক সম্পর্কে জানতে চেয়েছে। আমি আমার ক্লাব ফেনী সকারের সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বিষটি নিয়ে কথা বলেছি। তিনি আমাকে উৎসাহিত করছেন সেখানে যেতে।”
“এখন সবকিছু বনিবনা হলেই মালদ্বীপের এই ক্লাবটিতে খেলতে যাবো আমি,” যোগ করেন শাহেদ।
শাহেদ সম্পর্কে বাংলাদেশ জাতীয় দলে কোচ ইলিয়েভস্কি বলেন, “আগামী দুই বছর পর শাহেদ হবেন বাংলাদেশের অন্যতম সেরা মিডফিল্ডার। তার খেলায় আমি আনেক পরিপক্কতা দেখিছি।”
দিল্লি সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ তিন ম্যাচ থেকে একটি মাত্র গোল পেয়েছে। মালদ্বীপের বিপক্ষে দৃষ্টিনন্দন সেই গোলটি করেন শাহেদ। যা নজর কাড়ে অনেকেরই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০৩০ঘ.
bdnews24