২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাভাবিক খেলা খেলতে পারিনি: ক্যাসিয়াস

বার্সেলোনার কাছে হারার জন্য স্বাভাবিক খেলা খেলতে না পারাকে দায়ী করলেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক ইকার ক্যাসিযাস। অবশ্য ভাগ্যও তাদের সঙ্গে ছিল না বলে তিনি মনে করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 09:02 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনার কাছে হারার জন্য স্বাভাবিক খেলা খেলতে না পারাকে দায়ী করলেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক ইকার ক্যাসিযাস। অবশ্য ভাগ্যও তাদের সঙ্গে ছিল না বলে তিনি মনে করেন। সান্তিয়াগো বার্নব্যুতে নিজেদের দর্শকদের সামনে মাদ্রিদের শুরুটা ছিল দেখার মতো। বার্সা গোলরক্ষক ভিক্টর ভালদেসের ভুল কাজে লাগিয়ে খেলার ২৩ সেকেন্ডেই মাদ্রিদকে এগিয়ে নেন আক্রমণভাগের খেলোয়াড় করিম বেনজেমা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শেষ পর্যন্ত বার্সার কাছে হার মানতে হয় ৩-১ গোলে। খেলা শেষে ক্যাসিয়াস সাংবাদিকদের বলেন, “আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলতে পারিনি।” বার্সেলোনার দ্বিতীয় গোলটিই খেলার ভাগ্য গড়ে দেয় বলে মনে করছেন তিনি। বলেন, “এতে কোনো না কোনোভাবে আমরা মানসিকভাবে ধাক্কা খাই।” এ সময় তিনি লিগে তার দলের প্রায় ৩০টি খেলা বাকি থাকার কথাও মনে করিয়ে দেন। দ্বিতীয় গোলটি হয় দ্বিতীয়ার্ধের আট মিনিটে। পেনাল্টি এরিয়ার ঠিক বাইরে থেকে তীব্র শট নেন জাভি। মাদ্রিদের রক্ষণভাগের খেলোয়াড় মার্সেলোর গায়ের পর পোস্টে লেগে বল চলে যায় গোল-লাইন অতিক্রম করে। রোনালদোর পাশে ক্যাসিয়াস গোলের একাধিক সহজ সুযোগ নষ্ট করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্যে মাথা দিয়ে গোল করার চমৎকার একটি সুযোগ পান তিনি দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় (বার্সেলোনার তৃতীয় গোলের আগে)। কিন্তু একে কাজে লাগাতে পারেননি। এ কারণে সমর্থকদের সমালোচনার মুখে পড়েছেন রোনালদো। কিন্তু তার পাশেই থাকছেন ক্যাসিয়াস, “রোনালদোসহ আমরা সবাই ১২০ শতাংশ ঢেলে দিয়েছি। আমরা একটি দল। তাই সমালোচনা করলে আমাদের সবারই করা দরকার।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৩৫ ঘ.