ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাঙ্গোলায় বাবা ও ছেলে কথা বলছিলেন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে শনিবার রাতের ‘এল ক্লাসিকো’ নিয়ে। কিছুক্ষণ পর তর্কা-তর্কি লেগে যায় দু’জনের মধ্যে। অবশেষে এর করুণ পরিসমাপ্তি ঘটে বাবাকে হত্যার মধ্য দিয়ে।
পুলিশের এক কর্মকর্তা অ্যাঙ্গোলার রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে জানান, রাজধানী লুয়ান্ডায় ৪৮ বছর বয়সী বাবা তার ১৭ বছর বয়সী ছেলের সঙ্গে কথা বলছিলেন এল ক্লাসিকো নিয়ে। কিছুক্ষণের মধ্যে তর্কে জড়িয়ে পড়েন তারা। এক পর্যায়ে মাথা গরম হয়ে যায় দু’জনের।
এ সময় ছেলে বাড়ির ভেতর থেকে একটি আগ্নেয়াস্ত্র নিয়ে এসে বাবাকে দু’বার গুলি করেন। এতে বাবা ঘটনাস্থলেই নিহত হন বলে উল্লেখ করে পুলিশ কর্মকর্তা জানান, আগ্নেয়াস্ত্র নিয়ে ছেলে পালিয়ে গেছেন।
এখনো তাকে ধরা সম্ভব হয়নি বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩১৫ ঘ.
bdnews24