২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্সির চেয়ে এগিয়ে আছেন কেবল মেসি, রোনালদো: অঁরি

রবিন ভ্যান পার্সির প্রশংসা করতে গিয়ে থিয়েরে অঁরি বলেছেন, তার চেয়ে ভালো খেলোয়াড় কেবল লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 06:59 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রবিন ভ্যান পার্সির প্রশংসা করতে গিয়ে থিয়েরে অঁরি বলেছেন, তার চেয়ে ভালো খেলোয়াড় কেবল লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এ মৌসুমে ৩১ খেলায় ৩৪ গোল করেছেন ভ্যান পার্সি। অ্যালান শিয়েরারের ১৯৯৫ সালের প্রিমিয়ার লিগ রেকর্ডের চেয়ে পিছিয়ে আছেন কেবল দুই গোলে। সাবেক ১৪ নম্বর খেলোয়াড় আর্সেনাল ছেড়ে চলে যান ২০০৭ সালে। এর আগে দলের হয়ে গোল করেন ২২৬টি। বর্তমানে নিউইয়র্ক রেড বুলসের খেলোয়াড় অঁরি বলেন, “আমি কেবল বলতে পারি যে শুধু গোল করার দিক দিয়ে নয়, খেলা ও গোলের অনুপাতের দিক দিয়ে ভ্যান পার্সি যা করছেন তা এক কথায় বিস্ময়কর।” ফ্রান্সের সাবেক এই খেলোয়াড় মনে করেন, পার্সির জন্য এখন সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চোট পেয়ে মাঠের বাইরে চলে না যাওয়া। এর আগের প্রতিটা মৌসুমে চোট পেয়ে দর্শক হয়ে থাকতে হয় তাকে অনেকটা সময়। “আর্সেনালে যোগ দেয়ার পর পুরো কোনো মৌসুম খেলতে পারেননি পার্সি, দুই থেকে তিন মাস মাঠের বাইরে থাকতে হয়েছে। এবারই প্রথম মৌসুমের এতটা সময় একটানা খেলে যেতে পারছেন। আর তাতেই আপনার চোখে পার্থক্যটা নিশ্চয় ধরা পড়েছে। এ অবস্থায় তিনি যা করছেন, আমি কেবল তার প্রশংসা করতে পারি,” যোগ করেন অঁরি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৩৭ ঘ.