ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কার্লোস তেভেজকে নিয়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে নানা কথা। সর্বশেষ খবর ছিল-তাকে নিয়ে এসি মিলান আলেকজান্দ্রে পাতোকে দিয়ে দেবে ম্যানচেস্টার সিটিকে। কিন্তু একে স্রেফ গুজব বলে উড়িয়ে দিলেন স্বয়ং মিলানের ভাইস প্রেসিডেন্ট আদ্রিয়ানো গালিয়ানি।
এরই মধ্যে তেভেজকে ধার নেয়ার জন্য মিলান প্রস্তাব দিয়েছে ম্যান সিটির কাছে। কিন্তু ইংল্যান্ডের দলটি ধার নয়, একেবারে বিক্রি করে দিতে চায় তেভেজকে।
আর্জেন্টিনার আক্রমণভাগের এই খেলোয়াড়কে পেতে চায় ফ্রান্সের প্যারিস সেইন্ট-জার্মেইনও। এ ব্যাপারে ফ্রান্স ও ইংল্যান্ডের দল দু’টো আলোচনাও করছে বলে ইতালির একটি পত্রিকা জানিয়েছে।
এ অবস্থায় নতুন খবর ছড়িয়ে পড়ে যে মিলান থেকে পাতো কিংবা অন্য কোনো শীর্ষ খেলোয়াড়কে দলে নিয়ে তেভেজকে ছেড়ে দেবে ম্যান সিটি। কিন্তু এই খবরে স্রেফ জল ঢেলে দেন গালিয়ানি।
ইতালির একটি ওয়েবসাইটে তিনি বলেন, তেভেজের জন্য ম্যান সিটির কাছে প্রস্তাব দেয়া হয়েছে। তবে আমাদের কোনো খেলোয়াড়কে ইংল্যান্ডের দলটির কাছে ছেড়ে দেয়া নিয়ে কথা-বার্তা হয়নি।”
“আমরা জানি তেভেজকে বিক্রি করে দিতে চায় ম্যান সিটি। তবে আমরা তাকে ধার নেয়ার প্রস্তাব দিয়েছি। এতে অবশ্য স্থায়ীভাবে কিনে নেয়ার কথাও উল্লেখ রয়েছে,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৪৬ ঘ.
bdnews24