ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের গ্র“প পর্ব থেকে বিদায় নেয়ায় ম্যানচেস্টার সিটি কোচ রবার্তো মানচিনি তার দলের খেলোয়াড় ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন।
ইস্টল্যান্ডে বুধবার রাতে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়েও লাভ হয়নি ম্যান সিটির। ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলে জিতে মানচিনির দলের বদলে নাপোলি উঠে যায় নকআউট পর্বে। এ জন্য অভিনন্দন জানান মানচিনি তার দেশ ইতালির দলটিকে।
স্কাই স্পোর্টসকে তিনি বলেন, “আমরা সব সময়ই ভালো দল। তারপরও আমাদের উন্নতির প্রয়োজন রয়েছে।”
“আমি আমাদের সমর্থকদের জন্য দুঃখিত, খেলোয়াড়দের জন্যও দুঃখিত। কেননা খেলোয়াড়রা চ্যাম্পিয়ন্স লিগে খেলে যেতে চেয়েছিলেন,” যোগ করেন তিনি।
এখন অবশ্য ইউরোপা লিগে খেলার সুযোগ পাচ্ছে মানচিনির দল। ইতালিয়ান এই কোচের বিশ্বাস, ইউরোপা লিগ জেতার সম্ভাবনা তার দলের রয়েছে।
কার্লোস তেভেজ প্রসঙ্গে ৪৭ বছর বয়স্ক কোচ বলেন, তার দল তেভেজকে ধার নয়, একেবারে বিক্রি করে দিতে চায়।
“এই মুহূর্তে কি হচ্ছে আমি তা জানি না। কিন্তু এটা ঠিক যে তেভেজকে আমরা বিক্রি করে দিতে চাই,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩১৪ ঘ.
bdnews24