ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের ব্যর্থতা অপ্রত্যাশিত নয় বলে মনে করেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও কোচ গোলাম সারোয়ার টিপু। তার মতে এটাই বাংলাদেশ দলের সামর্থ্য।
বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “সাফ ফুটবলে বাংলাদেশ দলের তিনটি ম্যাচ দেখে খেলোয়াড়দের গতি, দক্ষতা ও কৌশলে অনেক দুর্বলতা ধরা পড়েছে আমার চোখে। এটা ভীষণই হতাশাজনক। এতো, এতো দুর্বলতা নিয়ে ভালো ফল আশা করাই তো বোকামি।”
“আমার মনে হয় কোচের সঙ্গে খেলোয়াড়দের সমঝোতার প্রচন্ড ঘাটতি ছিল। প্রতিটি ম্যাচেই একাধিক খেলোয়াড় অদল-বদল হয়েছে। তাই কোনো খেলোয়াড়ই নিজের ওপরে ভরসা রাখতে পারছিলেন না। পরের ম্যাচে সুযোগ পাওয়ার ব্যাপারেও অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছিলেন তারা,” যোগ করেন টিপু।
তার মতে বাংলাদেশ দলের সমস্যা শুধু এক জায়গায় নয়, প্রতিটি ক্ষেত্রেই। পুরো টুর্নামেন্টে স্ট্রাইকাররা গোল পাননি, মিডফিল্ডাররা ওপরে পাস বাড়াতে পারেননি, ডিফেন্স ছিলো নড়বড়ে আর গোলরক্ষক আস্থাহীনতায় ভুগেছেন বলে ধারণা সাবেক এই কৃতি ফুটবলারের।
টিপু বলেন, “সবচেয়ে পীড়াদায়ক বিষয় হলো খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ার অভাব। তাই প্রতিটি ম্যাচেই ছিলো ভুল পাসের ছড়াছড়ি। ১০ গজ, এমনকি ৫ গজ দূর থেকেও ভুল পাস দিয়েছেন খেলোয়াড়রা। তাই বলও বাংলাদেশের নিয়ন্ত্রণে বেশিক্ষণ থাকেনি। ম্যাচের লাগামও তাই হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের।”
“খেলোয়াড়দের আত্মবিশ্বাসের ঘাটতিও ছিলো চোখে পড়ার মতো। আর এ কারণেই তারা বেশিরভাগ সময় তাড়াহুড়ো করেছে,” যোগ করেন মোহামেডানের এই সাবেক কোচ।
বাংলাদেশের মেসিডোনীয় কোচ নিকোলা ইলিয়েভস্কির কয়েকটি সিদ্ধান্তের সঙ্গেও একমত হতে পারেননি টিপু। তিনি বলেন, “শেষ দুটি ম্যাচ হারের জন্য গোলরক্ষক সোহেলকে অনেকাংশে দায়ী করা যায়। বিশেষ করে নেপালের সঙ্গে তো তার ভুলেই শেষ মুহূর্তে গোল খেতে হয়েছে। অথচ তার পরও শেষ ম্যাচে তাকে খেলানো হয়। এটা ছিলো ভুল সিদ্ধান্ত। না হলে মালদ্বীপের সঙ্গে এমন ব্যবধান হতো না।”
“মালদ্বীপের সঙ্গে শেষ ম্যাচেও গোলরক্ষকের ভুলে প্রথম গোল খেয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ স্ট্রাইকার বল নিয়ে বিপদসীমায় ঢুকে পড়ার সময় তার (সোহেলের) উচিৎ ছিলো এগিয়ে গিয়ে দলকে বিপদমুক্ত করা। সে সুযোগও ছিলো তার সামনে। কিন্তু অনভিজ্ঞতার কারণে তিনি দ্রুত সিদ্ধান্তটা নিতে পারেননি,”যোগ করেন টিপু।
তিনি মনে করেন বাংলাদেশ দলে ভালো ফুটবলারের ভীষণ অভাব। কোনো কোনো দলে এমন কিছু খেলোয়াড় থাকেন যিনি একাই অপ্রত্যাশিত ভালো খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারেন। কিন্তু বাংলাদেশ দলে এমন ফুটবলার নেই।
টিপুর ধারণা, বাংলাদেশের ফুটবল কোনো লক্ষ্য ছাড়াই চলছে। তিনি বলেন, “আমাদের কেমন যোগ্যতা আছে, সাফল্যের জন্য কী করণীয় সে ব্যাপারে সঠিক পরিকল্পনা নেয়া হয় না। যার কারণে বারবার এমন করুণ পরিণতি হচ্ছে। কর্মকর্তারাও ফুটবলের উন্নয়ন সম্পর্কে হয়তো সেভাবে ভাবেন না।”
“তাই ভালো মানের ফুটবলারও উঠে আসছে না। আমাদের জাতীয় লিগ ঢাকা কেন্দ্রিক। দেশজুড়ে ফুটবলকে ছড়িয়ে দিতে পারলেই ভালো মানের ফুটবলার বের করে আনা সম্ভব,” যোগ করেন গোলাম সারোয়ার টিপু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৩৭ঘ.
bdnews24