ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাফ ফুটবল চ্যাম্পিয়শিপে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় এবং শেষ ম্যাচে মালদ্বীপের কাছে হেরেছে বাংলাদেশ। মঙ্গলবার ভারতের নয়া দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩-১ গোলে হেরে যায় তারা।
এই হারে সেমি ফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিলো বাংলাদেশ। তারা ৩ ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পেয়েছে। পাকিস্তানের সঙ্গে ড্র করে এই একটি পয়েন্ট পায় বাংলাদেশ।
মালদ্বীপ ৩ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে ‘বি’ গ্র“প রানার্সআপ হয়ে সেমি ফাইনালে উঠে। তারা দুই ম্যাচে ড্র করে এবং এক ম্যাচে জিতে।
এই গ্র“পের চ্যাম্পিয়ন নেপাল। তারাও পেয়েছে ৫ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্র“প সেরা হয়েছে তারা। এদিন গ্র“পের শেষ ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে নেপাল।
এদিকে বাংলাদেশ ম্যাচের শুরুতেই গোল হজম করে বসে। ৭ মিনিটে স্ট্রাইকার আদনান তারিক মালদ্বীপের পক্ষে প্রথম গোল করেন। মোহাম্মদ আমিরের বাড়ানো বল থেকে তিনি গোলটি করেন।
১৭ মিনিটে মালদ্বীপের গোল ব্যবধান দ্বিগুণ করেন সেই তারিক। আলী আশফাকের ক্রস থেকে বলটি পেয়ে গোল করেন তিনি।
বাংলাদেশের পক্ষে ২৯ মিনিটে শাহিদুল আলম সোহেল একটি গোল করে ব্যবধান কমান। ডি বক্সের সামনে থেকে দুর্দান্ত এক শটে মালদ্বীপ গোলরক্ষককে পারাস্ত করেন সোহেল।
ম্যাচের ৭০ মিনিটে মালদ্বীপ অধিনায়ক আলী আশফাক বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। মাঝ মাঠ থেকে বলটি পেয়ে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে আলতো টোকায় বাংলাদেশ জালে বলটি জড়ান তিনি।
গোলশূন্য ড্র দিয়ে শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে নেপালের কাছে হেরে যায় ১-০ গোলে। আর মালদ্বীপ প্রথম ম্যাচে নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২১৪৬
bdnews24