ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কার্লোস তেভেজকে দলে টানার পথে আরো একধাপ এগুলো এসি মিলান। মিলানের সহ-সভাপতি আদ্রিয়ানো গাল্লিয়ানি জানিয়েছেন ম্যানচেস্টার সিটির ওই স্ট্রাইকারের প্রতিনিধির সঙ্গে এ বিষয়ে কথা বলার অনুমতি পেয়েছেন তিনি।
বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম খেলায় বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা নিয়ে খেলা চলাকালে ম্যান সিটি কোচ রবার্তো মানচিনি ও তেভেজের মধ্যে সমস্যার সৃষ্টি হয়। প্রায় তিন মাস আগের ওই ঘটনার পর থেকে তেভেজকে আর মাঠে নামনো হয়নি।
ইতালির খেলাধুলা বিষয়ক একটি পত্রিকায় গাল্লিয়ানি বলেন, “তেভেজ সিটির খেলোয়াড়। ইংল্যান্ডের ক্লাবটি তার (তেভেজ) প্রতিনিধির সঙ্গে আমাদের কথা বলার অনুমতি দিয়েছে। তবে সিটির সঙ্গে এখনো আমরা সরাসরি কথা বলিনি।”
“আমি তেভেজ সম্পর্কে খুব বেশি কথা বলতে চাই না, সেক্ষেত্রে তার মূল্য চড়ে যেতে পারে এবং এটা ঠিক না,” যোগ করেন তিনি।
‘স্কাই স্পোর্ট টোয়েন্টিফোর’ জানিয়েছে, তেভেজের প্রতিনিধি কিয়া জোরাবচিয়ানের সঙ্গে সোমবার ডিনার করেছেন গাল্লিয়ানি। সেখানে দল-বদল নিয়ে তারা আলোচনা করেছেন।
গাল্লিয়ানি-জোরাবচিয়ানের এটি দ্বিতীয় সাক্ষাৎ। দশ দিন আগে তারা মিলানের প্রধান কার্যালয়ে সাক্ষাৎ করেছিলেন।
‘স্কাই স্পোর্ট টোয়েন্টিফোর’ আরো জানায়, ব্রাজিল চ্যাম্পিয়ন করিন্থিয়ান্স এরই মধ্যে ম্যান সিটিকে তেভেজের বিষয়ে প্রস্তাব দিয়েছে। কিন্তু পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে তেভেজ ইতালিতে যেতেই বেশি আগ্রহী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭৩৪ ঘ.
bdnews24