ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিওনেল মেসি, জাভি ও ক্রিস্টিয়ানো রোনালদো- লা লিগার এই তিন ফুটবলারের মধ্যে একজনের হতে শোভা পাবে এ বছরের ফিফা ব্যালন ডি’অর পুরস্কার। ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে সোমবার এই তিনজনের নাম চূড়ান্ত করেছে ফিফা।
৯ জানুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
গত বছর বার্সেলোনার সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভিকে পেছনে ফেলে ফিফা বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কার জিতেছিলেন মেসি।
২০০৯ সালেরও এ পুরস্কার জেতেন মেসি। রোনালদো বর্ষসেরা হয়েছিলেন ২০০৮ সালে।
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৫৩টি করে গোল করেছেন মেসি আর রোনালদো
এই মৌসুমে স্প্যানিশ লা লিগায় তারা এরই মধ্যে ১৭টি করে গোল করেছেন।
তৃতীয়বারের মত এই পুরস্কার জেতার সম্ভবনা মেসির উজ্জ্বল। তা হলে তিনি ছুঁয়ে ফেলবেন ফ্রান্সের মিডফিল্ডার মিশেল প্লাতিনি এবং নেদারল্যান্ডসের দুই কিংবদন্তী ইয়োহান ক্রুইফ ও মার্কো ফন বাস্তেনকে। ওই তিনজন তিনবার করে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন।
এখন ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা পুরষ্কার একীভূত করে ফিফা ব্যালন ডি’অর দেওয়া হয়।
এদিকে বর্ষসেরা মহিলা ফুটবলের চূড়ান্ত তালিকায় এবারও স্থান করে নিয়েছেন টানা পাঁচবার এই পুরস্কার জেতা ব্রাজিলের মার্তা। টানা ষষ্ঠবার জিততে এবার তাকে পেছনে ফেলতে হবে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড অ্যাবে ওয়ামবাচ ও জাপানের মিডফিল্ডার হোমারে সাওয়াকে।
সেরা কোচের চূড়ান্ত তালিকায় আছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ অ্যালেক্স ফার্গুসন ও বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা।
বর্ষসেরা গোলের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে মেসি, নেইমার ও রুনির গোল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এসইউ/১৮১৯ ঘ.
bdnews24