ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এল ক্লাসিকোর আগে শেষ মহড়ায় নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লা লিগায় শনিবার স্পোর্টিং গিজনকে ৩-০ গোলে নাকাল করে মাদ্রিদ। আর সেস ফেব্রেগাসের জোড়া গোলের সুবাদে লেভান্তেকে গুনে গুনে পাঁচ গোল দেয় বার্সেলোনা। পক্ষান্তরে নিজেদের জাল ছিল অক্ষত।
পর পর দশ খেলায় জিতে বর্তমান চ্যাম্পিয়ন তালিকার দ্বিতীয় দল বার্সার চেয়ে তিন পয়েন্ট এগিয়ে থেকে ১০ ডিসেম্বর এল ক্লাসিকোতে মাঠে নামবে মাদ্রিদ। সঙ্গে আরেকটি সুবিধাও পাচ্ছে হোসে মরিনহোর দল। একটি ম্যাচ কম খেলেছে পেপ গার্দিওলার দলের চেয়ে।
নিজেদের মাঠে চমৎকার রেকর্ড ধরে রেখে এ মৌসুমের বিস্ময় লেভান্তেকে স্রেফ কাঁদিয়ে ছেড়েছে বার্সা। ন্যু ক্যাম্পে শেষ নয়টি খেলার একটিতেও হারেনি দলটি। জিতেছে আটটিতে, ড্র করেছে একটি। সেই সঙ্গে গোল দিয়েছে ৩৯টি। আর বিস্ময়কর হলেও সত্যি, একবারও গোলের তিক্ত স্বাদ হজম করতে হয়নি।
মাদ্রিদের পয়েন্ট ১৪ খেলায় ৩৭। অধিনায়ক রবার্তো সোলদাদোর জয়সূচক গোলে ২-০ ব্যবধানে এসপানিওলকে হারানোয় ভালেন্সিয়া রয়েছে তৃতীয় স্থানে। দলটি বার্সার চেয়ে পিছিয়ে আছে চার পয়েন্ট। তবে একটি খেলা আছে দলটির হাতে।
চার নম্বর দল লেভান্তে আছে আরো চার পয়েন্ট পেছনে।
ঘর সামলে দক্ষতার সঙ্গে আক্রমণ চালানোয় খেলোয়াড়দের প্রশংসা করেছেন মরিনহো। তবে চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্স আমস্টারডামের বিপক্ষে বুধবারের খেলার আগে এল ক্লাসিকো নিয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন তিনি।
তবে সাংবাদিকদের বলেন, খেলোয়াড়দের চাঙ্গা মানসিকতা ও পাল্টা-আঘাত হানার দক্ষতাই তার দলকে জিতিয়েছে গিজনের বিপক্ষে।
গিজনের মাঠ স্তাদিও মিউনিসিপাল এল মোলিননে মাদ্রিদকে এগিয়ে নেন আর্জেন্টিনা ‘উইঙ্গার’ অ্যাঞ্জেল ডি মারিয়া, খেলার ৩৪ মিনিটে। প্রতিপক্ষের রক্ষণভাগের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে মারিয়া ঢুকে পড়েন পেনাল্টি এলাকায়। এরপর গোলরক্ষককে বিস্মিত করে শট নেন তিনি। মাটি কামড়ে বল আশ্রয় নেয় জালে।
ক্রিশ্চিয়ানো রোনালদোর পা থেকে আসে দ্বিতীয় গোলটি, খেলার ৬৫ মিনিটে। করিম বেনজেমার সঙ্গে বল দেয়া-নেয়া করে যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন ব্রাজিল ফুলব্যাক মার্সেলো।
বার্সেলোনার পক্ষে প্রথম গোল দু’টি করেন সেস ফ্যাব্রেগাস, খেলার ৪ ও ৩৩ মিনিটে। বাকি গোল তিনটি আসে হোয়ান লোপেজ, লিওনেল মেসি ও আলেক্সিস সানচেজের পা থেকে, যথাক্রমে ৩৭, ৫৫ ও ৬১ মিনিটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০১০ ঘ.
bdnews24