২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই

সাফ ফুটবল চ্যাম্পিয়শিপে রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 01:17 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাফ ফুটবল চ্যাম্পিয়শিপে রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভারতের নয়া দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে দুপুর সাড়ে ৩টায় শুরু হবে দুই দলের লড়াই। বাংলাদেশ কোচ নিকোল ইলিয়েভস্কি নেপালের বিপক্ষে ম্যাচটিকে বাঁচা-মরার লড়াই হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, “টুর্নামেন্টে টিকে থাকতে হলে যে করে হোক জিততেই হবে। এ জন্য প্রয়োজন খেলোয়াড়দের সেরা পারফরম্যান্স।” কোচের আশা ওই ম্যাচে ছেলেরা নিজেদের সাধ্যের সেরাটুকু ঢেলে দেবে। প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ড্র করে টুর্নামেন্টে কিছুটা পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সেমি-ফাইনালে খেলার আশা জিইয়ে রাখতে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে জেতার কোনো বিকল্প নেই। বাংলাদেশে নিজেদের ভুলে জিততে পারেনি মন্তব্য করে ইলিয়েভস্কি বলেন, “ছেলেরা যে ভালো খেলেছে তাও বলা যাবে না। নেপালের সঙ্গে নিজেদের সেই ভুল গুলো শুধরে স্বরূপে খেলোয়াড়রা ফিরবে বলে আমার বিশ্বাস।” নেপালের বিপক্ষে ম্যাচে দলের প্রথম একাদশে দু’একটি পরিবর্তন আসতে পারে বলে আভাস দেন তিনি। স্ট্রাইকার আব্দুল মালেক অথবা তৌহিদুল আলমকে দেখা যেতে পারে একাদশে। সে ক্ষেত্রে এমিলি অথবা মিঠুনকে জায়গা ছেড়ে দিতে হতে পারে। বাংলাদেশ দলের অধিনায়ক মোহাম্মদ সুজন বলেন, “নেপালের সঙ্গে ম্যাচে জিততে হলে আমাদের আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে। কারণ আক্রমণই হচ্ছে সেরা ডিফেন্স। আর সেই ভাবনা নিয়েই আমরা নেপালের বিপক্ষে মাঠে নামবো।” প্রতিপক্ষ নেপাল সম্পর্কে ইলিয়েভস্কি বলেন, “দলটিকে দুর্বল ভাবা চলবে না। তারা প্রথম ম্যাচে মালদ্বীপের কাছে এক গোল হজম করে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা সত্যিই প্রশংসা করার মতো।” নিজেদের প্রথম ম্যাচে নেপাল ১-১ গোলে ড্র করে মালদ্বীপের সঙ্গে। প্রথমে পিছিয়ে পড়েও পরে তারা খেলার সমতা আনে তারা। বাংলাদেশ গোলশূন্য ড্র করে পাকিস্তানের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/পিডি/১৯১১ ঘ.