ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাপের মুখে থাকা চেলসি কোচ আন্দ্রে ভিলাস বোয়াস শেষ পর্যন্ত স্বীকার করলেন, তার দল বড় দলগুলোর বিপক্ষে ভালো খেলতে পারছে না।
এ মৌসুলে প্রিমিয়ার লিগে এরই মধ্যে চেলসি হার মেনেছে আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের কাছে। আর লিভারপুলের কাছে দ্বিতীয়বার হেরেছে লিগ কাপে (কারলিং কাপ) গত মঙ্গলবার।
চেলসি ভালো খেলতে না পারায় কঠিন সমালোচার মুখে পড়েছেন ভিলাস বোয়াস। প্রথমদিকে ভালো ফল না পাওয়ায় এখন প্রতিটি খেলা ব্লুজদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে মঙ্গলবারের বাঁচা-মরার লড়াইয়ে ভালেন্সিয়ার মুখোমুখি হওয়ার আগে চেলসি শনিবার অতিথি হয়ে খেলতে যাবে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে।
ভিলাস বোয়াস সাংবাদিকদের বলেন, “বড় দলগুলোর বিপক্ষে আমরা পর্যাপ্ত ভালো খেলতে পারছি না।”
ভালেন্সিয়ার বিপক্ষে তার দলের খেলাকে উভয় দলের জন্য বাঁচা-মরার লড়াই বলে অভিহিত করে তিনি বলেন, “দলে আস্থার সংকট আছে বলে আমি মনে করি না। আমাদের আসলে ঐক্যবদ্ধ একটি দল হয়ে খেলতে হবে।”
“বর্তমান অবস্থা পাল্টে ফেলতে পারবো, এই বিশ্বাস আমাদের মনে গেঁথে ফেলতে হবে,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৩৫ ঘ.
bdnews24