ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরো ২০১২-এর লটারিতে কঠিন গ্রুপে পড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ফুটবল বিশেষজ্ঞদের অভিহিত গ্রুপ অব ডেথ’র অন্য দেশগুলো হলো জার্মানি, ডেনমার্ক ও নেদারল্যান্ডস।
শুক্রবার অনুষ্ঠিত লটারিতে ১৬টি দেশকে ভাগ করা হয় চার গ্রুপে।
প্রত্যেকটি প্রতিযোগিতায় একটা না একটা কঠিন গ্রুপ থাকে, যে গ্রুপ থেকে বিদায় নিতে পারে যে কোনো দল। এবার ইউরোর গ্রুপ বি-ই হলো সেই ধরনের গ্রুপ । ফুটবল বিশেষজ্ঞদের মতে, দুর্বল দলগুলো পড়েছে এ গ্রুপে। আর সি ও ডি গ্রুপকে বলা হচ্ছে গতানুগতিক।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে পৌঁছায় নেদারল্যান্ডসকে শীর্ষ বাছাই হিসেবে ধরে নেয়া হয়। কিন্তু এই মর্যাদার সুবিধা মনে হয়, দলটি এবার আর পাচ্ছে না। কেননা অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এই মুহূর্তে জার্মানিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল। কাগজে-কলমে ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সব দলের সামনে আছে তারাই।
পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো এরই মধ্যে পরিচিতি পেয়ে গেছেন ইউরোপ সেরা খেলোয়াড় হিসেবে। লিওনেল মেসির পর বিশ্বের দ্বিতীয় সেরা খেলোয়াড় হিসেবেও তার পক্ষে বাজি ধরতে অনেকে দ্বিধা করবেন না। কিন্তু বড় ধরনের ট্রফি ছুঁয়ে দেখার ভাগ্য তার এখনো হয়নি। তাই অধরা ট্রফি যদি ধরতে চান তাহলে পাড়ি দিতে হবে তাকে কাঁটা ছড়ানো বিস্তর পথ।
গত বিশ্বকাপের গ্রুপ পর্বে পর্তুগালকে খেলতে হয় ব্রাজিল, আইভরি কোস্ট ও উত্তর কোরিয়ার সঙ্গে। এবারো কোনো স্বস্তি নেই, লড়াই করেই এগিয়ে যেতে হবে তাদের। সেই সঙ্গে বড় কোনো আসরে রিয়াল মাদ্রিদ নক্ষত্রের আলো ছড়ানোর দক্ষতা আবারো পড়তে পারে প্রশ্নের মুখে।
গ্রুপের অপর দেশ ডেনমার্ক ভাবতেই পারে, তাদের ভাগ্য আসলেই খারাপ। অন্য যে কোনো গ্রুপে থাকলে নক-আউট পর্বে ওঠার সম্ভাবনা ডেনদের অবশ্যই ছিল। বিশেষজ্ঞদের মতে, এবার তাদের সেই আশা কেউ দিতে পারছে না; একমাত্র ফুটবল-বিধাতা ছাড়া।
তাদের মতে, সব চেয়ে দুর্বল গ্রুপ হলো এ। চেক প্রজাতন্ত্র, গ্রিস ও রাশিয়ার সঙ্গে আছে পোল্যান্ড। গ্রুপটির গড় ফিফা র্যাঙ্কিং ৩০-এর সামান্য বেশি। সেই তুলনায় বি গ্রুপের গড় র্যাঙ্কিং ৫.৫।
বাকি দু’টো গ্রুপের একটি সি-তে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, ইতালি, আয়ারল্যান্ড ও ক্রোয়েশিয়া। আর ডি-তে রয়েছে ইউক্রেন, সুইডেন, ফ্রান্স ও ইংল্যান্ড।
প্রতিযোগিতাটি হবে আগামী বছরের গ্রীষ্মে পোল্যান্ড ও ইউক্রেনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১১৩ ঘ.
bdnews24