২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এল ক্ল্যাসিকোর আগে নিজেদের এগিয়ে নেয়ার লড়াই

এই মৌসুমের লা লিগার প্রথম ‘এল ক্ল্যাসিকো’ ১০ ডিসেম্বর। ফুটবলের ওই মহাযুদ্ধের আগে লিগে নিজ নিজ ম্যাচে শনিবার বার্সেলোনা মুখোমুখি হবে লেভান্তের। আর স্পোর্টিং গিজনের বিপক্ষে লড়াইয়ে নামবে রিয়াল মাদ্রিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2011, 03:18 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এই মৌসুমের লা লিগার প্রথম ‘এল ক্ল্যাসিকো’ ১০ ডিসেম্বর। ফুটবলের ওই মহাযুদ্ধের আগে লিগে নিজ নিজ ম্যাচে শনিবার বার্সেলোনা মুখোমুখি হবে লেভান্তের। আর স্পোর্টিং গিজনের বিপক্ষে লড়াইয়ে নামবে রিয়াল মাদ্রিদ। ১৩ খেলায় ৩৪ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার পয়েন্ট ৩১। যদিও একটি ম্যাচ বেশি খেলেছে তারা। এক ম্যাচ বেশি খেলেও রিয়ালের চেয়ে এখনো ৩ পয়েন্ট পিছিয়ে আছে বার্সা। ফলে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে নিজেদের জয়ের পাশাপাশি রিয়ালের খারাপ করাও এখন তাদের কাম্য হয়ে দাঁড়িয়েছে। পেপ গার্দিওলার অধীনে এত খারাপ পরিস্থিতিতে আর কখোনো পড়তে হয়নি বার্সাকে। যদিও এরই মধ্যে অনেকেই বলছেন এবারের লিগ শিরোপা রিয়ালের ঘরেই যাচ্ছে। কিন্তু আশা ছাড়েননি বার্সা কোচ ও খেলোয়াড়রা। তবে এই আশা বাঁচিয়ে রাখতে হলে লিগের বাকি প্রতিটি ম্যাচকেই এখন ফাইনাল ধরে খেলতে হবে তাদের। কারণ আর একটি ড্র বা হার তাদের শিরোপা দৌড় থেকে সত্যিই ছিটকে দিতে পারে। সুবিধাজনক অবস্থানে থাকা রিয়াল মাদ্রিদও টানা তিন বছর পর শিরোপা জয়ের এমন মোক্ষম সুযোগ হাত ছাড়া করতে চাইবে না। তাই সতর্ক তারাও। এই মৌসুমে চোট বেশ ভোগাচ্ছে বার্সাকে। ফলে গার্দিওলা তার পছন্দের একাদশকে কখনোই এক সঙ্গে পাচ্ছে না। লেভান্তের বিপক্ষে ম্যাচেও চোটের কারণে ইব্রাহিম অ্যাফেলাই ও আদ্রিয়োনোকে পাচ্ছেন না তিনি। আর হলুদ কার্ডের কারণে জেরার্ড পিকুও মাঠে নামতে পারবেন না। গত মৌসুমের শেষ দিকে লেভান্তের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচে ১-১ গোলে ড্র করেছিলো বার্সা। তবে অতীত পেছনে ফেলে এবার লেভান্তের বিপক্ষে জিততেই চায় তারা। এবার এরই মধ্যে নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে ৩৪টি গোলের দেখা পেয়েছেন মেসিরা। যা তাদের স্বাভাবিকভাবেই অনুপ্রেরণা যোগাচ্ছে। আর লেভান্তে যদি ওই ম্যাচে জিততে পারে তবে এক ম্যাচ কম খেলেও বার্সার চেয়ে মাত্র দুই পয়েন্ট পেছনে থাকবে তারা এবং সুযোগ থাকবে বার্সাকে ছাড়িয়ে যাওয়ার। এদিকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্পোর্টিং গিজনের অনুপ্রেরণা গত মৌসুমের ম্যাচটি। স্যান্তিয়াগো বার্নেব্যুতে ওই হারের ফলে নিজেদের মাঠে নয় বছর অপরাজিত থাকার দৌড় সমাপ্ত রিয়ালের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১০৭ ঘ.