ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোনালী অতীত মাস্টার্স ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে নারায়ণগঞ্জ। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে ৬-৫ গোলে হারিয়েছে বরিশালকে। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি।
এর আগে চট্টগ্রাম ১-০ গোলে খুলনাকে, নারায়ণগঞ্জ ৩-১ গোলে রাজশাহীকে, বরিশাল ১-০ গোলে ঢাকাকে, মানিকগঞ্জ ১-০ গোলে টাঙ্গাইলকে, বরিশাল ২-০ গোলে টাঙ্গাইলকে, ঢাকা ৩-০ গোলে মানিকগঞ্জকে, খুলনা ১-০ গোলে রাজশাহীকে এবং নারায়ণগঞ্জ ১-০ গোলে চট্টগ্রামকে হারায়।
প্রতিযোগিতাশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হাসানুজ্জামান খান বাবলু, ঢাকা সোনালী অতীত ক্লাবের সভাপতি বশির উদ্দিন আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২৪ঘ.
bdnews24