ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মারা গেছেন ওয়েলসের জাতীয় ফুটবল দলের কোচ গ্যারি স্পিড। ইংল্যান্ডের চেস্টারে নিজ বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
এক বিবৃতিতে পুলিশ কর্তৃপক্ষ জানায়, “রোববার সকাল সাতটার দিকে আমাদের ফোনে জানানো হয় চেস্টারের হান্টিংটনে একজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ কর্মকর্তারা সেখানে যান এবং ৪২ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান। পরে নিশ্চিত হওয়া যায় মৃতদেহটি গ্যারি স্পিডের।”
শনিবার বিকালে বিবিসির ফুটবল বিষয়ক একটি অনুষ্ঠানে অংশ নেন স্পিড। ধারণা করা হচ্ছে তার ঘন্টা খানেক পর তিনি মারা যান।
এগার মাস আগে ওয়েলস জাতীয় দলের কোচের দায়িত্ব নেন স্পিড। জাতীয় দলের জার্সি গায়ে ৮৫টি ম্যাচ খেলেছেন তিনি। শুধু গোলরক্ষক নেভিল সাউদালই (৯২টি ম্যাচ) ওয়েলসের হয়ে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৫০ঘ.
bdnews24