২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাডমিন্টন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অপসারিত

যৌন হয়রানির অভিযোগে ব্যাডমিন্টন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম জাহিদুল কচি অপসারিত হয়েছেন। মহিলা খেলোয়াড়দের অভিযোগের ভিত্তিতে রোববার রাতে ফেডারেশনের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। দুই নম্বর যুগ্ম সম্পাদক সৈয়দা মরিয়ম তারেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 03:38 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যৌন হয়রানির অভিযোগে ব্যাডমিন্টন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম জাহিদুল কচি অপসারিত হয়েছেন। মহিলা খেলোয়াড়দের অভিযোগের ভিত্তিতে রোববার রাতে ফেডারেশনের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। দুই নম্বর যুগ্ম সম্পাদক সৈয়দা মরিয়ম তারেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। মহিলা খেলোয়াড়রা যৌন হয়রানির অভিযোগ আনেন কচির বিরুদ্ধে। বিশেষ করে ফেডারেশনের ক্যাম্পে থাকা কয়েকজন খেলোয়াড় অভিযোগটা করেন। ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি রুবাবা দৌলা মতিনও গুরুত্বের সঙ্গেই নেন ব্যাপারটা। কচিকে অপসারণের সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রাখেন তিনি। কচি অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কয়েক জন ঈর্ষান্বিত হয়ে আমার চরিত্র হননের চেষ্টা করছেন। যা ভীষণ অনভিপ্রেত।” “আমি ফেডারেশনে থাকি বা না থাকি, কয়েক দিনের মধ্যেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে,” যোগ করেন কচি। দায়িত্ব প্রাপ্তি প্রসঙ্গে সৈয়দা মরিয়ম তারেক বলেন, “আমি ফেডারেশনের সভায় উপস্থিত হতে পারিনি। ফোনে দায়িত্ব নেয়ার জন্য অনুরোধ করা হয় আমাকে। অসুস্থতার কারণে রোববার ফেডারেশনে যেতে পারিনি। আশা করি দু-একদিনের মধ্যেই যেতে পারবো।” ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন মাহবুবুর রব। তিনি বিদেশে থাকায় কচি ভারপ্রাপ্ত- সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৩১ঘ.