ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে রজার ফেদেরার খেলবেন জো উইলফ্রেড সোঙ্গার সঙ্গে।
শনিবার প্রথম সেমিফাইনালে ফেদেরার ৭-৫ ও ৬-৩ গেমে জেতেন ডেভিড ফেরারের বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালে টমাস বার্দিচকে ৬-৩ ও ৭-৫ গেমে হারিয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতার ফাইনালে ওঠেন সোঙ্গা। এর আগে একবারই মাত্র তিনি খেলেছেন এই প্রতিযোগিতায়।
আক্ষরিক অর্থেই ফেদেরারের জন্য কোর্টে সব সময় যেন অপেক্ষা করে থাকে একটি করে মাইলফলক। শনিবার টেনিস-জীবনে শততম বারের মতো ফাইনালে উঠলেন তিনি।
আরো দুটো মাইলফলক হাতছানি দিয়ে ডাকছে তাকে রোববার, টেনিস-জীবনের ৭০তম শিরোপা ও ছয়বারের মতো মৌসুম শেষের এই প্রতিযোগিতা জয়। এর আগে আর কোনো খেলোয়ার এই প্রতিযোগিতার শিরোপা ছয়বার জিততে পারেনি।
এ কথা মানছেন ফেদেরারও, “আসলেই আমার জন্য অপেক্ষা করছে বিশেষ একটি মুহূর্ত।”
ফেরারকে হারিয়ে বছর শেষের র্যাঙ্কিংয়ে অ্যান্ডি মারেকে টপকে তিন নম্বরে উঠে এলেন ফেদেরার। শীর্ষে আছেন নোভাক জকোভিচ। আর দ্বিতীয় স্থানে রাফায়েল নাদাল।
ফাইনাল সম্পর্কে সোঙ্গা বলেন, “এই মুহূর্তে ইনডোরে রজার নিঃসন্দেহে সেরা। তবে আমি জানি, এটাই এ বছরের শেষ ম্যাচ। তাই জয়ের জন্য সব কিছু ঢেলে দেবো।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩১৪ ঘ
bdnews24