ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দশ জনের নিউক্যাসলের সঙ্গে শনিবার ১-১ গোলে ড্র করে প্রিমিয়ার লিগে আরো খানিকটা পিছিয়ে পড়লো ম্যানচেস্টার ইউনাইটেড। তবে কিছুটা স্বস্তি ফিরে এসেছে চেলসি কোচ আন্দ্রে ভিলাস বোয়াসের মনে। তার দল ৩-০ গোলে সহজেই জিতেছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে।
দিনের অন্যান্য খেলায় স্টক সিটি ৩-১ গোলে ব্ল্যাকবার্ন রোভার্সকে, এভারটন ২-০ গোলে বোল্টন ওয়ান্ডারার্সকে, নরউইচ সিটি ২-১ গোলে কুইন্স পার্ক রেঞ্জার্সকে, উইগ্যান অ্যাথলেটিক ২-১ গোলে সান্ডারল্যান্ডকে ও টটেনহ্যাম হটস্পার ৩-১ গোলে ওয়েস্ট ব্রমকে হারিয়েছে।
এছাড়া আর্সেনাল ও ফুলহ্যামের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
স্ট্যামফোর্ড ব্রিজে হুয়ান মাতার কর্নার মাথা দিয়ে প্রতিপক্ষের জালে পাঠিয়ে চেলসিকে এগিয়ে নেন অধিনায়ক জন টেরি খেলার ছয় মিনিটে। ঘড়ির কাটা ঠিক ৩০ মিনিট ছোঁয়ার আগে আগে ‘মার্কার’কে ফাঁকি দিয়ে মাতার আড়াআড়িভাবে দেয়া বল জালে জড়িয়ে দেন দানিয়েল স্তুরিজ। উলভারহ্যাম্পটনের কফিনে শেষ পেরেক ঠোকেন মাতা প্রথমার্ধের শেষ মিনিটে।
হারের বৃত্তে বন্দী থাকায় এই জয়টার খুব প্রয়োজন ছিল চেলসির। গত সপ্তাহান্তে লিগে দলটি ২-১ গোলে হার মানে লিভারপুলের কাছে। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে বায়ার লেভারকুসেনের কাছে ২-১ গোলে হারায় সূতোয় ঝুলছে চেলসির শেষ ষোলোর ভাগ্য।
১৩ খেলায় ২৫ পয়েন্ট নিয়ে দলটি আছে তালিকার পঞ্চম স্থানে।
এদিকে ওল্ড ট্র্যাফোর্ডে হাভিয়ের হার্নান্দেজ দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে নেন ম্যন ইউকে। কিন্তু পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান নিউ ক্যাসলের ডেম্বা বা। হাতেম বিন আরফাকে ফাউল করায় সহকারী রেফারির সঙ্গে পরামর্শ করে পেনাল্টির নির্দেশ দেন রেফারি মাইকেল জোন্স।
শেষ ১২ মিনিট নিউক্যাসলকে খেলতে হয় ১০ জনকে নিয়ে। ন্যানিকে ফাউল করায় দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেকে হয় জোনাস গুটিয়েরেজকে।
এই সময় গোলের জন্য একের পর এক আক্রমণ চালাতে থাকে স্যার অ্যালেক্স ফার্গুসনের দল। ৯৪ মিনিটে কাক্সিক্ষত ঠিকানায় বলও পাঠিয়ে দেন হার্নান্দেজ। কিন্তু অফ-সাইডে থাকায় গোলটি বাতিল করে দেন রেফারি। ফলে অত্যন্ত প্রয়োজনীয় জয় ছাড়াই মাঠ ছাড়তে হয় ম্যান সিটিকে।
এই ড্র’র ফলে ম্যান ইউ তালিকার শীর্ষ দল নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চেয়ে পিছিয়ে পড়লো চার পয়েন্ট। এই ব্যবধান বেড়ে ৭-এ দাঁড়াতে পারে রোববার, যদি লিভারপুলের বিপক্ষে জেতে ম্যান সিটি। ১২ খেলায় দলটির পয়েন্ট ৩৪।
এ অবস্থায় ফার্গুসনকে মাঠে ফুঁসতে দেখে অবাক হওয়ার আসলে কিছুই ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৫৩ ঘ.
bdnews24