ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা গেতাফের কাছে ১-০ গোলে হেরে গেলেও শনিবার বড় জয় পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ৪-১ গোলে হারিয়েছে তারা নয়জনের আতলেটিকো মাদ্রিদকে।
এই হার-জিতের ফলে পেপ গার্দিওলার দলের চেয়ে হোসে মরিনহোর দল এগিয়ে গেল ছয় পয়েন্ট। যদিও এই মৌসুমে প্রথমবারের মতো হার মানতে হলো বর্তমান চ্যাম্পিয়নদের।
১৩ খেলায় মাদ্রিদের পয়েন্ট ৩৪। সমান খেলায় বার্সার ২৮।
দিনের অন্য খেলায় রায়ো ভালেকানো ২-১ গোলে জেতে ভালেন্সিয়ার বিপক্ষে।
সান্তিয়াগো বার্নব্যুতে খেলার ১৫ মিনিটে আদ্রিয়ান লোপেজের গোলে এগিয়ে যায় আতলেটিকো মাদ্রিদ। ২৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। পেনাল্টি বক্সের মধ্যে আতলেটিকো গোলরক্ষক মাদ্রিদের আক্রমণভাগের খেলোয়ার করিম বেনজেমাকে মাটিতে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেই সঙ্গে লাল কার্ড দেখান গোলরক্ষককে।
চোট থেকে সুস্থ হয়ে প্রথমবারের মতো খেলতে নেমেই ৪৯ মিনিটে মাদ্রিদকে এগিয়ে নেন ‘উইঙ্গার’ অ্যাঞ্জেল ডি মারিয়া। ব্যবধান বাড়ান গঞ্জালো হিগুয়াইন, ৬৫ মিনিটে।
খেলার ৮২ মিনিটে হিগুয়াইনকে ফাউল করায় মাঠ থেকে বেরিয়ে যেতে হয় আতলেটিকোর রক্ষণভাগের খেলোয়াড় দিয়েগো গোদিনকেও। আর পেনাল্টি থেকে গোল করে দলকে আতলেটিকোর নাগালের একেবারে বাইরে নিয়ে যান রোনালদো।
এই জয়ের ফলে স্পেনের রাজধানীর এই ডার্বিতে টানা ১২ বছর অপরাজিত থাকলো রিয়াল মাদ্রিদ। ১৯৯৯ সাল থেকে ২২ খেলার মধ্যে সাতটিতে জিতেছে মাদ্রিদ।
এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ১-০ গোলে গেতাফের কাছে হেরে যাওয়ায় মাদ্রিদের জয়টা তাদের কাছে আরো মধুর হয়ে ওঠে। গেতাফের পক্ষে জয়সূচক গোলটি করেন হুয়ান ভালেরা, খেলার দ্বিতীয়ার্ধে। সেই সঙ্গে বার্সেলোনার ২৭ খেলার অপরাজিত-যাত্রাপথে বসিয়ে দেয় বিরতি চিহ্ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৪১ ঘ.
bdnews24