ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবল সম্পর্কিত কোনো কাজে এ সপ্তাহে মস্কো যাওয়ার কথা অস্বীকার করেছেন ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলো।
রাশিয়ার ধনী ক্লাব আনঝি মাখাশকালার সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা করতে ক্যাপেলো মস্কো আসেন বলে সেখানকার বিভিন্ন প্রচার মাধ্যমে বলা হয়।
ক্যাপেলো বলেন, “ফুটবল সম্পর্কিত কোনো কাজে নয়, আমি মস্কো যাই বলশই থিয়েটারে ব্যালে নাচ দেখতে।” ইংল্যান্ডের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (এফএ) সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে ইউরো ২০১২-এর পর।
“আমাকে ব্যালে নাচ দেখার আমন্ত্রণ জানানো হয় এবং আমি তা প্রত্যাখান করতে পারিনি,” যোগ করেন তিনি।
রাশিয়ার প্রচার মাধ্যমে বলা হয়, আনঝির ধনকুবের মালিক সুলেইমান কেরিমভের সঙ্গে তার দলের কোচ হওয়া নিয়ে আলোচনা করতে তিনি মস্কো আসেন।
আনঝির সহকারী কোচ ব্রাজিলের রবার্তো কার্লোস জানান, তার দল নামিদামি কোচদের মধ্য থেকে একজনকে নিতে চায়। তাদের মধ্যে ক্যাপেলো ও সাবেক রুশ কোচ গাস হিডিঙ্ক রয়েছেন। এ বছরের প্রথম দিকে খেলোয়াড় হিসেবে আনঝিতে যোগ দেন কার্লোস। সেপ্টেম্বরে তাকে সহকারী কোচের দায়িত্ব দেয়া হয়।
এ ব্যাপারে মন্তব্য করার জন্য আনঝির কর্মকর্তাদের কাউকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৪১ ঘ.
bdnews24