ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেলসির খারাপ ফলাফলের জন্য সবাই বলাবলি করছেন, বরখাস্ত করা হতে পারে কোচ আন্দ্রে ভিলাস বোয়াসকে। কিন্তু তা উড়িয়ে দিয়ে জোর দিয়ে তিনি বলছেন, ক্লাবের মালিক রোমান আব্রামোভিচের সমর্থন আছে তার প্রতি।
চ্যাম্পিয়ন্স লিগে বুধবার বায়ার লেভারকুসেনের কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় চেলসির শেষ ষোলোর ভাগ্য এখন সূতোয় ঝুলছে। তাই এই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে অচিরেই দলের খেলার মানের উন্নতি না ঘটলে বাদ দেয়া হতে পারে পর্তুগালের এই কোচকে।
সব ধরনের প্রতিযোগিতায় শেষ সাত খেলার ছয়টিতেই হেরেছে পর্তোর সাবেক কোচ ভিলাস বোয়াসের বর্তমান দল চেলসি।
এ অবস্থায় সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেন, পশ্চিম লন্ডনের ক্লাবটির ভাগ্য পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময় তাকে দেয়া হবে কি না? ভিলাস বোয়াস এর জবাব দেন এক কথায়, “হ্যা।”
কোচ জানান, বুধবারের খেলার পর পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি আব্রামোভিচের সঙ্গে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানাতে অস্বীকার করেন তিনি।
তবে তিনি বলেন, “বর্তমান অবস্থা থেকে সবাই বেরিয়ে আসতে চান।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩০২ ঘ.
.
bdnews24