২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদিনেস আবারো শীর্ষে

এএস রোমাকে ২-০ গোলে হারিয়ে আবারো সেরি আ’র শীর্ষে উঠে গেছে উদিনেস। গোল দুটো করেন অ্যান্টোনিও ডি নাটালে ও মরিসিও আয়লা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 06:37 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এএস রোমাকে ২-০ গোলে হারিয়ে আবারো সেরি আ’র শীর্ষে উঠে গেছে উদিনেস। গোল দুটো করেন অ্যান্টোনিও ডি নাটালে ও মরিসিও আয়লা। সমান তালে খেলা এগিয়ে চলায় আভাস মিলছিল ড্র-এর। কিন্তু ৭৯ মিনিটে গোল করে জয়ের পথে উদিনেসকে এগিয়ে নেন ডি নাটালে। খেলা শেষের বাঁশি বাজার দুই মিনিট আগে অত্যন্ত সহজ গোল করে জয় নিশ্চিত করেন আয়লা। উদিনেসের পয়েন্ট এখন ১২ খেলায় ২৪। জুভেন্টাস ও লাৎসিও’র চেয়ে দুই বেশি। শনিবার সন্ধ্যায় মাঠে নামবে দল দুটো। খেলা শেষে ডি নাটালে বলেন, “রোমার সঙ্গে আমরা খুবই ভালো খেলেছি। আসলেই দলটা চমৎকার, মাঠে তারা তাদের শক্তিও দেখিয়ে দিয়েছে। তবে আমরা তাদের ভালোভাবেই ঠেকিয়ে রাখতে পেরেছি। পাল্টা আক্রমণও চালিয়েছি দক্ষতার সঙ্গে। সে কারণে জয় আমাদেরই প্রাপ্য।” আর রোমা কোচ লুই এনরিক বলেন, “আমরা হেরেছি। কিন্তু তাদের চেয়ে খারাপ খেলিনি।” “ড্র হলে তা হতো যথার্থ ফলাফল। কেননা মাঠে দুই দলই ছিল সমানে সমান। কিন্তু ডি নাটালের গোলের পর আমাদের অনেক বেশি ঝুঁকি নিতে হয়। এর ফলেই হজম করতে হয় আরেকটি গোলের তিক্ত স্বাদ,” যোগ করেন তিনি। এনরিক বলেন, “এই হারে আমি হতাশ নই। তবে রক্ষণ ও আক্রমণভাগে আমাদের উন্নতি করতে হবে।” পয়েন্ট তালিকার পঞ্চম দল রোমা খেলায় অধিনায়ক ফ্রান্সেকো টট্টির অভাব ভালোভাবেই অনুভব করেছে। বুধবার অনুশীলনের সময় পায়ে চোট পান তিনি। দলটির পয়েন্ট ১২ খেলায় ১৭। জমজমাট এই খেলায় গোলের সুযোগ বলতে গেলে সৃষ্টিই করতে পারেনি রাজধানীর দলটি। তারপরও প্রথমার্ধের শেষ দিকে চমৎকার একটি সুযোগ পেলেও তাকে কাজে লাগাতে পারেননি মিরালেম পানিচ। গোলরক্ষককে একা পেয়েও বল পাঠিয়ে দেন তিনি গোলপোস্টের অনেক বাইরে দিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২২২ ঘ. .