২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছরের শেষটা ভালো হলো না জোকোভিচের

মনে রাখার মতো সাফল্যের একটি বছর শেষ করলেও তিনদিনের মধ্যে আরেকটি হার মেনে নিতে হলো নোভাক জোকোভিচকে। সেই সঙ্গে বিদায় নিতে হলো এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল থেকে। হার মানেন তিনি স্বদেশী জাঙ্কো তিপসারেভিচের কাছে ৩-৬, ৬-৩ ও ৬-৩ গেমে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 05:25 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনে রাখার মতো সাফল্যের একটি বছর শেষ করলেও তিনদিনের মধ্যে আরেকটি হার মেনে নিতে হলো নোভাক জোকোভিচকে। সেই সঙ্গে বিদায় নিতে হলো এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল থেকে। হার মানেন তিনি স্বদেশী জাঙ্কো তিপসারেভিচের কাছে ৩-৬, ৬-৩ ও ৬-৩ গেমে। এর আগে ২৩ নভেম্বর ডেভিড ফেরারের কাছে ৬-৩ ও ৬-১ গেমে হেরে যান তিনি। এবছর তিনটি গ্র্যান্ড স্লাম জয় ও রাফায়েল নাদালের কাছ থেকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান (ক্যারিয়ারে প্রথমবারের মত) কেড়ে নেয়ার পর গত কয়েক মাস ধরে কোর্টে নিজেকে খুঁজে পাচ্ছিলেন না জোকোভিচ। কারণ আর কিছু নয়, চোট। এছাড়া ক্লান্তিও ভর করেছিল তার ওপর। আর বছর শেষের এই প্রতিযোগিতায় খেলতে এসে নিঃশেষ হয়ে যায় তার সব শক্তি। “আমার মধ্যে যা ছিল না তা হলো সজীবতা,” খেলা শেষে অকপটে স্বীকার করলেন জোকোভিচ তার ক্লান্তির কথা, “জেতার জন্য নিজেকে এক শ’ শতাংশ উজাড় করে দিতে হয়। কিন্তু আমি তা পারিনি। কেননা আমার দেয়ার মতো বলতে গেলে আর কিছুই ছিল না।” এই হারের পরও প্রতিযোগিতায় টিকে থাকার একটা সুযোগ ছিল জকোভিচের, যদি টমাস বার্দাইচ হেরে যেতেন ডেভিড ফেরারের কাছে। কিন্তু ফেরার এক সেট জিতলেও শেষ পর্যন্ত হার মানেন সপ্তম বাছাই চেক প্রজাতন্ত্রের বার্দাইচের কাছে ৩-৬, ৭-৫ ও ৬-১ গেমে। প্রথম সেমিফাইনালে রজার ফেদেরার খেলবেন ফেরারের সঙ্গে। দ্বিতীয় সেমিফাইনালে বার্দাইচ লড়বেন জো উইলফ্রিড সঙ্গার বিপক্ষে। এরই মধ্যে ফ্রান্সের সঙ্গার কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা রাফায়েল নাদাল। আর আহত হয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান তিন নম্বর খেলোয়াড় অ্যান্ডি মারে। এর আগে মারে অবশ্য তার প্রথম খেলায় হার মানেন ফেরারের কাছে। বিশ্রাম নিতে আগামী সপ্তাহে মালদ্বীপ যাওয়ার জন্য জোকোভিচ এখন তার ব্যাগ গোছানোর কাজ সেরে ফেলতে পারেন। ক্লান্তি ও অবসাদ দূর করে প্রস্তুতি নিতে পারেন আসছে বছরের জন্য। জকোভিচের কণ্ঠেও সেই সুর, “অত্যন্ত প্রয়োজনীয় বিশ্রাম নেয়ার অপেক্ষায় আছি আমি।” এরপর ফিরে তাকান তিনি গত এক বছরের অর্জনের দিকে, “অবিশ্বাস্য রকমের চমৎকার একটা বছর কেটেছে আমার। কোনো কিছুই এর ওপর ধুলো জমতে দেবে না। আমি সব সময় এই বছরটার কথা মনে রাখবো। কেননা এটাই আমার জীবনের সেরা।” লন্ডনে খেলতে যান জকোভিচ ৬৯ জয়ের বিপরীতে মাত্র চার হারের রেকর্ড নিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১০৫ ঘ.