ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কার্লোস তেভেজ এসি মিলানে যোগ দিতে যাচ্ছেন। বৃহস্পতিবার আলোচনা শুরু হয়েছে উভয় পক্ষের মধ্যে।
তেভেজকে পেতে চায় ইন্টার মিলান ও জুভেন্টাসও। কিন্তু দল দুটিকে পেছনে ফেলে দিয়েছে এসি মিলান।
তেভেজের পক্ষে আলোচনায় অংশ নিচ্ছেন তার পরামর্শদাতা কিয়া জুরাবশিয়ান। স্থায়ী ‘ট্রান্সফার’কে সামনে রেখে এ মৌসুমের শেষ পর্যন্ত ধারে মিলানের হয়ে তেভেজের খেলার ব্যাপারে আলোচনা করছেন তিনি। এবার দলবদল শুরু হওয়ার কথা জানুয়ারিতে।
অপরদিকে ক্লাবের পক্ষে আলোচনায় অংশ নিচ্ছেন প্রধান নির্বাহী আদ্রিয়ানো গালিয়ানি ও ‘ট্রান্সফার’ বিষয়ক আলোচক অ্যারিয়েদো ব্রাইদা।
ধারণা করা হচ্ছে, উভয় পক্ষের আলোচনা সফল হবে। এতে ম্যানচেস্টার সিটি যেমন স্বস্তি পাবে, তেমনি স্বস্তি পাবেন তেভেজও।
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বদলী হিসেবে খেলতে অস্বীকার করায় ম্যান সিটি কোচ রবার্তো মানচিনির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন তেভেজ। পরে ঘটনা তদন্ত করে দেখা যায় যে মাঠে নামার আগে ‘টাচ-লাইন’র পাশে গা-গরম করতে অশ্বীকার করেছিলেন তেভেজ।
পরে ক্লাবকে না জানিয়ে নিজের দেশ আর্জেন্টিনা চলে যান তিনি। এতে ক্ষুব্ধ হন ক্লাব কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৩৬ ঘ.
bdnews24