ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে দেশের মাটিতে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় দল। বৃহষ্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।
বিজয়ী দলের পক্ষে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন মোহাম্মদ সুজন।
জাতীয় দল ম্যাচের ৪৮ মিনিটে এই গোলের দেখা পায়। জাতীয় দলের খেলোয়াড় নাসিরকে শেখ জামাল ডিফেন্ডার ইউসুফ ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। আর পেনাল্টি থেকে সুজন আড়াআড়ি শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন।
এর আগে জাতীয় দল ৪ নভেম্বর শেখ জামালের সঙ্গে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছিল। ওই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
জাতীয় দল ঢাকায় অবস্থান করা বিদেশী খেলোয়াড়দের সঙ্গেও তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে ৩-২ গোলে হার, দ্বিতীয়টিতে ১-১ গোলে ড্র এবং শেষ ম্যাচে ২-০ গোলে জিতেছিল বাংলাদেশ জাতীয় দল।
জাতীয় দল মালয়েশিয়ায়ও একটি প্রস্তুতি ম্যাচ খেলে আসে। গত ২১ নভেম্বর মালয়েশিয়ার সুপার লিগের দল নেগেরির কাছে ৩-২ গোলে হেরে যায় তারা। বাংলাদেশের পক্ষে দু’টি গোল করেন শাহেদুল আলম ও আব্দুল মালেক।
ভারতের কলকাতায়ও জাতীয় দলের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিলো। কিন্তু তিনজন খেলোয়াড় ও কোচ নিকোলা ইলিয়েভস্কি ভিসা না পাওয়ায় শুক্রবার ভারত যেতে পারছে না জাতীয় দল। ফলে ২৬ নভেম্বর আই লিগের দ্বিতীয় স্তরের দল সাউদার্ন সমিতির সঙ্গে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়।
অবশ্য দু’একদিনের মধ্যেই তাদের ভিসা হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে বাফুফে। সেই হিসেবে রোববার জাতীয় দলের ঢাকা ছাড়ার কথা রয়েছে। সেক্ষেত্রে ২৮ নভেম্বর আই লিগের দল ইন্ডিয়ান অ্যারোসের সঙ্গে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি খেলা হতে পারে।
এদিকে ২০ জনের জাতীয় দলে একটি পরিবর্তন এসেছে। মিডফিল্ডার মেজবাবুল হক মানিকের জায়গায় আলমগীর কবির রানাকে দলে নেয়া হয়েছে। ইনজুরির কারণেই মূলত শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েছেন মানিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২১১৮ ঘ.
bdnews24