ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসি মিলানের মাঝমাঠের খেলোয়াড় কেভিন-প্রিন্স বোয়েটাং মনে করেন, চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার কাছে তার দল হেরেছে কপাল দোষে।
খেলায় ৩-২ গোলে জেতে বার্সেলোনা।
খলার ১৪ মিনিটে মার্ক ভ্যান বোমেলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সা। ২০ মিনিটে সাবেক দলের বিপক্ষে গোল করে মিলানকে খেলায় ফেরান জলাতন ইব্রাহিমোভিচ। লিওনেল মেসির পেনাল্টি গোলে ৩১ মিনিটে আবারো এগিয়ে যায স্পেনের দলটি। কিন্তু ৫৪ মিনিটে আবারো তাদের ধরে ফেলে ইতালির দলটি।
খেলার ৬৩ মিনিটে জাভি হার্নান্দেজের গোলে বার্সা এগিয়ে গেলে তাদের আর ধরে ফেলা সম্ভব হয়নি মিলানের। ফলে হার মানতে হয় নিজেদের মাঠে। সেই সঙ্গে গ্র“পের শীর্ষ স্থান দখল করে বার্সেলোনা।
খেলা শেষে ঘানার খেলোয়াড় বোয়েটাং তার দলের প্রশংসা করে বলেন, চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় না পাওয়া দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়।
সেই সঙ্গে বার্সেলোনারও প্রশংসা করতে ভোলেননি তিনি। বলেন, “পেপ গার্দিওলার দলই এখন বিশ্বের সেরা। তবে আজ (বুধবার) এটাও প্রমাণ হয়েছে যে আমরাও শক্তিশালী।”
গ্র“পের শেষ ম্যাচ খেলার জন্য মিলান অতিথি হয়ে যাবে ভিক্টোরিয়া প্লজেনের মাঠে। আর বার্সেলোনা স্বাগত জানাবে বাতে বরিসভকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪২৫ ঘ.
bdnews24