ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপের দুই বড় দল বার্সেলোনা ও এসি মিলান খেলেছে বড় দলেরই মতো। ছড়িয়েছে ফুটবলের অকৃত্রিম সৌন্দর্য। তবে শেষ পর্যন্ত জিতেছে বার্সা ৩-২ গোলে। জাভি হার্নান্দেজের জয়সূচক গোলই পার্থক্য গড়ে দেয় দুই দলের মধ্যে।
এছাড়া বরুসিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে জায়গা করে নিয়েছে আর্সেনাল। ইংল্যান্ডের দলটির পক্ষে গোল দুটো করেন রবিন ভ্যান পার্সি।
তবে বায়ার লেভারকুসেনের কাছে ২-১ গোলে হেরে বিদায়ের ঝঁকির মুখে পড়েছে ইংল্যান্ডের আরেক দল চেলসি। আর উল্টো পথে হেঁটে লেভারকুসেন পৌঁছে গেছে শেষ ষোলোতে। ঝুঁকির মধ্যে আছে ইংল্যান্ডের আরো দুই দল ম্যনচেস্টার সিটি ও তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রতিযোগিতায় সব চেয়ে বড় বিস্ময় উপহার দিয়েছে অ্যাপোয়েল। প্রথমবারের মতো পরের পর্বে জায়গা করে নিয়েছে অনেকের মতে অপেক্ষাকৃত দুর্বল এই দলটি। তারা গোলশূন্য ড্র করে জেনিতের সঙ্গে।
আগেই নক-আউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় চাপ ছিল না বার্সেলোনা কিংবা মিলান, কোনো দলের উপরই। সম্ভবত এ কারণেই আক্রমণের পসরা সাজিয়ে বসে তারা। তাই উপভোগ্য ফুটবলই দেখেছেন দর্শকরা। উঠে গেছে টিকেটের দামও।
দলের খেলা দেখে খুব খুশি বার্সা কোচ পেপ গার্দিওলা। চেপেও গেলেন না তিনি সে কথা, “বার্সা যে কতটা শক্তিশালী দল, আজ (বুধবার) তা দেখিয়ে দিয়েছে।”
“আপনি যদি সান সিরোতে খেলতে যান, তাহলে আপনাকে অবশ্যই সমস্যায় পড়তে হবে। তাই আমাকে আক্রমণ কিংবা রক্ষণভাগ থেকে একজন খেলোয়াড় সরিয়ে নিতে হয়েছে,” যোগ করেন তিনি।
খেলার ১৪ মিনিটে মার্ক ভ্যান বোমেলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সা। ২০ মিনিটে সাবেক দলের বিপক্ষে গোল করে মিলানকে খেলায় ফেরান জলাতন ইব্রাহিমোভিচ। লিওনেল মেসির পেনাল্টি গোলে ৩১ মিনিটে আবারো এগিয়ে যায স্পেনের দলটি। কিন্তু ৫৪ মিনিটে আবারো তাদের ধরে ফেলে ইতালির দলটি।
খেলার ৬৩ মিনিটে জাভির গোলে বার্সা এগিয়ে গেলে তাদের আর ধরে ফেলা সম্ভব হয়নি মিলানের। ফলে হার মানতে হয় নিজেদের মাঠে। সেই সঙ্গে গ্র“পের শীর্ষ স্থান দখল করে বার্সেলোনা।
দিনের অন্যান্য খেলায় ভালেন্সিয়া ৭-০ গোলে কাঁদিয়ে ছেড়েছে গেঙ্ককে। চ্যাম্পিয়ন্স লিগে এত বড় জয় স্পেনের কোনো দল এর আগে আর পায়নি।
শাখতার দনেৎস্ককে ২-০ গোলে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছে পর্তো। মার্সেই’র বিপক্ষে অলিম্পিকোস জিতেছে ১-০ গোলে। ১-০ গোলে বাতে বরিসভকে হারিয়েছে ভিক্টোরিয়া প্লজেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১২০ ঘ.
bdnews24