২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জড়ালো শিক্ষার্থীরা

ফুটবল খেলাকে কেন্দ্র করে চট্টগ্রামে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নগরীর জাকির হোসেন সড়কে এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 04:06 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুটবল খেলাকে কেন্দ্র করে চট্টগ্রামে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নগরীর জাকির হোসেন সড়কে এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল। বুধবার বিকালে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাগং (আইআইইউসি) এর ছাত্রদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে বেসরকারি আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ইউএসটিসি এবং আইআইইউসি’র ছাত্রদের মধ্যে বিকালে ফুটবল খেলার আয়োজন ছিলো। কোতোয়ালি থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউএসটিসির একটি গোল রেফারি বৈধ বললে তা নিয়ে আপত্তি জানায় আইআইইউসি দলের খেলোয়াড়রা। “এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। তখন পুলিশের হস্তক্ষেপে সবাই মাঠ ত্যাগ করলেও মাঠের বাইরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়,” বলেন তিনি। পুলিশ স্টেডিয়ামের বাইরে থেকে দুই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হটিয়ে দিলে সন্ধ্যায় জাকির হোসেন সড়কে ইউএসটিসি ক্যাম্পাসের সামনে রাস্তা অবরোধ করে ছাত্ররা। এতে দুর্ভোগে পড়ে ওই সড়কে চলাচলকারী মানুষ। তবে পুলিশ সেখান থেকেও শিক্ষার্থীদের সরিয়ে দেয় বলে ওসি জানান। তিনি বলেন, এ ঘটনা নিয়ে দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমঝোতা বৈঠকে বসে বিষয়টি মীমাংসা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/২২০০ ঘ.