২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির গুণকীর্তন আমাকে প্রভাবিত করে না: রোনালদো

দর্শকরা মাঠে যতই লিওনেল মেসির নাম করে তাকে ব্যঙ্গ করুক না কেন, তাতে তার খেলায় কোনো প্রভাব পড়ে না বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের ফিফা বর্ষসেরা ফুটবলার হওয়া নিয়েও চিন্তিত নন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 03:44 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দর্শকরা মাঠে যতই লিওনেল মেসির নাম করে তাকে ব্যঙ্গ করুক না কেন, তাতে তার খেলায় কোনো প্রভাব পড়ে না বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের ফিফা বর্ষসেরা ফুটবলার হওয়া নিয়েও চিন্তিত নন তিনি। গত সেপ্টেম্বরে সাইপ্রাসের বিপক্ষে পর্তুগালের ‘ইউরো ২০১২’ বাছাই পর্বের খেলা চলার সময় গ্যালারিতে দর্শকরা ‘মেসি’, ‘মেসি’ বলে চিৎকার করে রোনালদোকে ব্যঙ্গ করেন। ম্যাচটি ৪-০ গোলে জিতেছিলো পর্তুগাল। এ প্রসঙ্গে রোনালদো বলেন, “দর্শকদের কারো গুণকীর্তন করে গান গাওয়া বা একদম চুপ থাকা আমার কাছে একই ব্যাপার। এসব ব্যাপার আমাকে প্রভাবিত করতে পারে না আর আমার খেলায় কোনো পরিবর্তনও আনতে পারে না।” “আমি এসব নিয়ে মাথা ঘামাই না,” যোগ করেন তিনি। এ বছরের ফিফা ব্যালন ডি’অর পুরস্কারের জন্য প্রাথমিকভাবে মনোনীত ২৩ জনের মধ্যে রোনালদোর নামও আছে। তবে ব্যক্তিগত পুরস্কারের চেয়ে ক্লাবের অর্জনই তার কাছে বড় বলে জানিয়েছেন রোনালদো। তিনি বলেন, “জানি না পুরস্কারটা পাবো কিনা। রিয়াল মাদ্রিদ ভালো খেলছে, আমি ভালো খেলছি এবং আমার জাতীয় দল পর্তুগালও (আগামী বছরের) ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাই আমি খুশি।” “তবে ব্যালন ডি’অরকে আমি যেমন প্রাধান্য দিচ্ছি না তেমনি এটা নিয়ে আমি চিন্তিতও নই,” যোগ করেন রোনালদো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩৮ঘ.